Advertisement
Us Bangla Airlines
সেমিফাইনাল খেলতে পাকিস্তানের সামনে যে সমীকরণ

সেমিফাইনাল খেলতে পাকিস্তানের সামনে যে সমীকরণ

খেলা ডেস্ক

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৩

বিশ্বকাপের সুপার এইট পর্বে শেষ বাঁকে এসে জমে উঠেছে হিসাবের লড়াই। পাকিস্তানের সামনে সমীকরণ এখন নির্মম, সেমিফাইনালে উঠতে হলে শুধু জয় নয়, চাই বড় জয়। আগে ব্যাট করলে পাকিস্তানকে জিততে হবে অন্তত ৬৪ রানে। আর লক্ষ্য তাড়া করে জিততে হলে ১৩.১ ওভারের মধ্যেই ম্যাচ শেষ করতে হবে।

ইংল্যান্ডের বিপক্ষে ১৬০ রানের লক্ষ্য দিয়েও শেষ পর্যন্ত হারতে হয়েছে নিউজিল্যান্ডকে। ৩ বল ও ৪ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ইংল্যান্ড। টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা।

অন্যদিকে এক জয়, এক হার ও একটি পরিত্যক্ত ম্যাচ মিলিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ পয়েন্ট। শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারলে পাকিস্তানও পৌঁছে যাবে ৩ পয়েন্টে। তখন সেমিফাইনালের টিকিট নির্ধারিত হবে নেট রানরেটের সূক্ষ্ম অঙ্কে।

বিশ্বকাপে সুপার এইট নিশ্চিত করল পাকিস্তান

আজ (শনিবার) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এই ম্যাচের প্রতিটি বল নজরে রাখবে নিউজিল্যান্ডও।

বর্তমানে নেট রানরেটে অনেক এগিয়ে নিউজিল্যান্ড (+১.৩৯০)। ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারায় পাকিস্তানের নেট রানরেট নেমে গেছে (-০.৪৬১)। তাই কাজটা কঠিন, তবে অসম্ভব নয়। তাতে পাকিস্তানকে অন্তত ৬৪ রান কিংবা  ১৩.১ ওভারের মধ্যেই ম্যাচ জিততে হবে।

এই ব্যবধানের কমে জয় মানেই স্বপ্নভঙ্গ। ৩ পয়েন্ট পেলেও নেট রানরেটে পিছিয়ে থাকলে সেমিফাইনালে যাবে নিউজিল্যান্ড। আর পাকিস্তান যদি হেরে যায়, তবে কোনো অঙ্কই আর কাজে আসবে না। সুপার এইটেই থেমে যাবে তাদের বিশ্বকাপ অভিযান।

এমআই