Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি প্রকাশ

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি প্রকাশ

খেলা ডেস্ক

২০ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫০

বিশ্বকাপের ব্যস্ততা পেরিয়ে আবারও দ্বিপাক্ষিক উত্তেজনায় ফিরছে ক্রিকেট। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ বিশ্বকাপে না গেলেও দ্বিপাক্ষিক সিরিজ দিয়েই ক্রিকেটে ফিরছে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই বাংলাদেশের লড়াই শুরু হবে। আজ (শুক্রবার) সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী মার্চেই মিরপুরে মুখোমুখি হবে দুই দল। সবকিছু ঠিক থাকলে ৯ মার্চ ঢাকায় পা রাখবে সালমান আলি আগার নেতৃত্বাধীন পাকিস্তান দল। এরপর ১১, ১৩ ও ১৫ মার্চ অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ভেন্যু মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলায় বেশ কিছুদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে ঘরোয়া আসর দিয়ে ছন্দে ফেরার প্রস্তুতি নিচ্ছেন সবাই। সম্প্রতি শেষ হয়েছে তিন দলের অদম্য কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এবার পাকিস্তান সিরিজ নিজেদের ফিরে পাওয়ার বড় মঞ্চ হয়ে উঠতে পারে।

আইসিসির বড় আসরের বাইরে চলতি বছর বাংলাদেশের সামনে রয়েছে ব্যস্ত সূচি। মোট ৯টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে টাইগারদের। পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ শেষ করে আবারও পিএসএল পরবর্তী সময়ে এপ্রিল মাসে বাংলাদেশ সফরে আসবে তারা। সেবার অবশ্য দুই দলের মধ্যে হবে সাদা পোশাকের লড়াই।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি

ম্যাচ তারিখ ভেন্যু সময়
১ম ওয়ানডে ১১ মার্চ মিরপুর দুপুর ২:১৫
২য় ওয়ানডে ১৩ মার্চ মিরপুর দুপুর ২:১৫
৩য় ওয়ানডে ১৫ মার্চ মিরপুর দুপুর ২:১৫

এমআই