ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে নতুন শঙ্কা!
খেলা ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০১
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই কোটি ভক্তের আবেগ, টিভি পর্দার সামনে উত্তেজনার ঢেউ। কিন্তু বহুল প্রতীক্ষিত সেই লড়াইটা আগেভাগে বন্ধ করে দিতে চেয়েছিল পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে করা অন্যায়ের প্রতিবাদ জানিয়ে হাইভোল্টেজ ম্যাচটি বয়কট করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের হঠাৎ নেওয়া সিদ্ধান্তে বেশ বিপাকে পড়েছিল আইসিসি। বিশ্বকাপ শুরু হয়ে গেলেও ভক্ত-সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল এই ম্যাচের সমাধান। পরে আইসিসির অনুরোধে ও বন্ধুপ্রতিম দেশগুলোর পরামর্শে সিদ্ধান্ত বদলায় পাকিস্তান। ফলে ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় যথাসময়ে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।
পাকিস্তানের সিদ্ধান্ত বদলে ক্রিকেটে ফিরেছে নতুন আবহ। কয়েক গুণ বেশি টাকা খরচ করে শ্রীলঙ্কায় এই ম্যাচ দেখতে যাওয়ার তোড়জোড় চলছে ভারতীয়দের। তবে এর মাঝেই এসেছে নতুন দুঃসংবাদ, বৃষ্টির কারণে ভেস্তে যেতে পারে এই ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাস থেকে এমন তথ্য জানা গেছে।
বিশ্বকাপে এখন পর্যন্ত কলম্বোয় কোনো ম্যাচে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায়নি। তবে সর্বশেষ তথ্য বলছে, ভারত-পাকিস্তান ম্যাচের দিন কলম্বোয় বৃষ্টির সম্ভাবনা প্রায় ৭৫ শতাংশ। সন্ধ্যার দিকে তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রায় ২ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি ম্যাচে বিঘ্ন ঘটাতে পারে।
তবে পুরো ছবিটা অন্ধকার নয়। সন্ধ্যার পর বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমতে পারে—এমন ইঙ্গিতও রয়েছে। তাই শঙ্কা যেমন আছে, তেমনি আশা এখনো টিকে আছে।
এমআই