নির্বাচনের আমেজে অংশ নিলেন ক্রিকেটাররা
খেলা ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৩
মাঠে যেমন ব্যাট-বলের লড়াই, তেমনি গণতন্ত্রের মাঠেও সক্রিয় দেশের ক্রিকেটাররা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে ব্যস্ততা ছিল না শুধু ভোটারদের সারিতে, ছিলেন জাতীয় দলের তারকারাও। প্রিয়জনদের সঙ্গে নিজ নিজ এলাকায় গিয়ে দিয়েছেন ভোট, জানিয়েছেন অংশগ্রহণের বার্তা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশজুড়ে চলছে নির্বাচনের উৎসব। ১৭ বছর পর দেশে ফিরেছে সুষ্ঠু ও স্বাভাবিক নির্বাচনী পরিবেশ। উৎসবের আবহে মানুষ যেমন ভোটকেন্দ্রে ছুটেছেন, তেমনি দায়িত্ব পালনে পিছিয়ে থাকেননি ক্রিকেটাররাও।
চট্টগ্রাম-৯ আসনের ভোটার তামিম ইকবাল ভোট দিয়েছেন আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের নিচতলায়। কাজির দেউরির শহীদ সাইফুদ্দিন খালেদ রোডে অবস্থিত কেন্দ্রটিতে ভোট দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বার্তাও শেয়ার করেন সাবেক এই অধিনায়ক। ব্যালট বাক্সে ভোটপত্র জমা দেওয়ার মুহূর্তও উঠে এসেছে তার পোস্টে।
ঢাকা-৯ আসনে ভোট দিয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও বর্তমানে জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে (৪৭ নম্বর কেন্দ্র) নিজের ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করতে সঙ্গে ছিল তার দুই সন্তান।
ফেনী-২ আসনে ভোট দিয়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। নিজ শহরে ভোট দিয়ে তিনিও জানান নাগরিক দায়িত্ব পালনের কথা। একইভাবে ভোট দিয়েছেন মাহমুদুল হাসান জয় ও আকবর আলী। চোটে থাকা জয় ভাঙা হাত স্লিংয়ে ঝুলিয়েই হাজির হন ভোটকেন্দ্রে।
নির্বাচনের প্রথম প্রহরে ভোট দিয়েছেন নারী জাতীয় দলের তারকা পেসার মারুফা আক্তার। জীবনে প্রথম ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। প্রথমবার ভোট দিয়েছেন বলে জানিয়েছেন নারী দলের ক্রিকেটার রুমানা আহমেদও। সামাজিকমাধ্যমে কালি মাখা আঙুলের ছবি প্রকাশ করেছেন তিনি।
এদিকে ত্রয়োদেশ নির্বাচনের মধ্য দিয়ে বিদায় নিচ্ছে প্রায় দেড় বছর দায়িত্বে থাকা অন্তর্বর্তীকালীন সরকার। ২০২৪ সালের ৮ আগস্ট শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয়েছিল সরকারটি। লম্বা সময় পর নির্বাচিত পুরুষ সরকার দেখবে বাংলাদেশ।
এমআই