Advertisement
Us Bangla Airlines
পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

খেলা ডেস্ক

২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫১

ব্যাটে লড়াই, বলে ঝড়—লো-স্কোরিং ম্যাচে পাকিস্তানকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ নারী দল। নারী এশিয়া কাপ রাইজিং স্টারসের সেমিফাইনালে ১১০ রান করেও ৫৪ রানের দাপুটে জয় টাইগ্রেসরা। তাতে জয়ের পাশাপাশি ফাইনালের জায়গাটাও পাকা করেছে বাংলাদেশ। 

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত সেমিফাইনালে আগে ব্যাট করে বাংলাদেশ তোলে ১১০ রান। স্কোরবোর্ড বড় না হলেও লড়াইয়ের মঞ্চটা তৈরি করেছিলেন দলনেতা ফাহিমা খাতুন। টপ অর্ডার যখন আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত, তখন একপ্রান্ত আগলে রেখে ৩২ বলে অপরাজিত ৪০ রানের দারুণ ইনিংস খেলেন তিনি।

ওপেনিং জুটিতে ৩.৫ ওভারে আসে ১৯ রান। শামীমা সুলতানা করেন ১৩, ইসমা তানজিম ১২। দ্বিতীয় উইকেটে নেমে শারমিন সুলতানা যোগ করেন ১৫ রান। এরপর বাকি ব্যাটাররা দ্রুত ফিরলেও ফাহিমার দৃঢ়তায় লড়াই করার মতো সংগ্রহ পায় বাংলাদেশ।

১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। ইমান নাসেরকে বোল্ড করেন ফারিয়া তৃষ্ণা। পরের ওভারেই শাওয়াল জুলফিকারকে ফিরিয়ে দেন ফাহিমা খাতুন। হুরাইনা সাজিদকে সাজঘরে পাঠান সানজিদা আক্তার মেঘলা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তান।

মাঝপথে ইউসরা আমির ও দলনেতা হাফসা খালিদ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সেটি ছিল ক্ষণস্থায়ী। দলের হয়ে সর্বোচ্চ ১২ রান আসে হাফসার ব্যাট থেকে, ইউসরা করেন ১১। বাকি কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। শেষ পর্যন্ত ৫৬ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।

বল হাতে বাংলাদেশ ছিলেন আরও ভয়ংকর। সানজিদা আক্তার মেঘলা নেন সর্বোচ্চ তিন উইকেট। দুটি উইকেট তুলে নেন ফাহিমা খাতুন। অন্য তিন বোলার নেন একটি করে উইকেট।

এই জয়ে নারী এশিয়া কাপ রাইজিং স্টারসে দ্বিতীয় দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই হবে আগামী ২২ ফেব্রুয়ারি।

এমআই