Advertisement
Us Bangla Airlines
ভারত পেল সর্বোচ্চ টাকা, বাকি ১৯ দল পেল কত?
টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারত পেল সর্বোচ্চ টাকা, বাকি ১৯ দল পেল কত?

খেলা ডেস্ক

০৯ মার্চ ২০২৬, ১৮:৪৯

বিশ্বকাপ জয়ের আনন্দ শুধু ট্রফি উঁচিয়ে ধরা নয়, সঙ্গে থাকে বিপুল অর্থ পুরস্কারও। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারত যেমন গৌরবের মুকুট পেয়েছে, তেমনি পেয়েছে কোটি কোটি টাকার পুরস্কার। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কোনো দলকেই খালি হাতে ফেরায়নি। ফাইনাল থেকে গ্রুপ পর্ব পর্যন্ত সব দলই পেয়েছে নির্ধারিত অর্থ।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রাইজমানি ছিল অবাক করার মতো। পুরো বিশ্বকাপে মোট পুরস্কারের অর্থ ছিল ১ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৬৪ কোটিরও বেশি। এই বিশাল অঙ্কের মধ্যে সবচেয়ে বড় অংশ গেছে চ্যাম্পিয়ন দলের ঘরে।

শিরোপা জিতে ভারত পেয়েছে ৩০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ৩৬ কোটি টাকা। ফাইনালে দুর্দান্ত জয় তুলে নিয়ে ট্রফির সঙ্গে এই অর্থ পুরস্কারও ঘরে তুলেছে তারা। ফাইনালে ভারতের কাছে ৯৬ রানে হেরে রানার্সআপ হওয়া নিউজিল্যান্ড পেয়েছে ১৬ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ১৯ কোটি টাকা।

সেমিফাইনালে থেমে যাওয়া ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার জন্যও ছিল বড় অঙ্কের পুরস্কার। প্রতিটি দল পেয়েছে ৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার করে, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৯ কোটিরও বেশি।

বিশ্বকাপে ২০ দল অংশ নিলেও সবার জন্যই ছিল আলাদা বরাদ্দ। সুপার এইট থেকে বিদায় নেওয়া চার দল—জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান পেয়েছে ৩ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে চার কোটির বেশি। আর গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া বাকিরা পেয়েছে তিন কোটি টাকা।

এমআই