Advertisement
Us Bangla Airlines
কোয়ার্টার ফাইনাল খেলতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

কোয়ার্টার ফাইনাল খেলতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

খেলা ডেস্ক

০৯ মার্চ ২০২৬, ১৪:২০

এশিয়ার মঞ্চে টিকে থাকার শেষ লড়াইয়ে নামছে বাংলাদেশের মেয়েরা। আজ ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে আফিদা খন্দকারদের দল। পার্থে বিকেল ৩টায় শুরু হতে যাওয়া এই ম্যাচেই নির্ধারিত হবে বাংলাদেশের ভাগ্যের দিকচিহ্ন। কোয়ার্টার ফাইনাল খেলতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই, বরং বড় ব্যবধানের জয় প্রয়োজন।

গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচেই কঠিন ধাক্কা খেয়েছে লাল-সবুজের দল। চীনের কাছে ২–০ এবং উত্তর কোরিয়ার কাছে ৫–০ গোলে হার বাংলাদেশের পথকে করে দিয়েছে কণ্টকাকীর্ণ। টানা দুই পরাজয়ের পর কোয়ার্টার ফাইনালের আশা এখন প্রায় সুতোয় ঝুলছে।

তবু সম্ভাবনার ক্ষীণ আলো এখনও জ্বলছে। তিনটি গ্রুপ থেকে শীর্ষ দুই দলের পাশাপাশি তৃতীয় স্থানে থাকা সেরা দুই দলও কোয়ার্টার ফাইনালে জায়গা পাবে। সেই তালিকায় জায়গা করে নেওয়ার লক্ষ্যেই আজ মাঠে নামবে বাংলাদেশ।

তবে প্রতিপক্ষ উজবেকিস্তানকে সহজভাবে নেওয়ার সুযোগ নেই। বিশ্ব ক্রমতালিকায় বাংলাদেশের চেয়ে ৬৩ ধাপ এগিয়ে তারা। তালিকায় বাংলাদেশ যেখানে ১১২ নম্বরে, সেখানে উজবেকিস্তানের অবস্থান ৪৯-এ। পরিসংখ্যান তাই আগেভাগেই সতর্কবার্তা শুনিয়ে দিচ্ছে।

বাংলাদেশের সামনে কী সমীকরণ?

গ্রুপের শেষ ম্যাচের আগে বাংলাদেশ ও উজবেকিস্তান দুই দলেরই পয়েন্ট শূন্য। গোল ব্যবধানে অবশ্য একটু এগিয়ে উজবেকিস্তান। বাংলাদেশের গোল ব্যবধান মাইনাস ৭, উজবেকিস্তানের মাইনাস ৬। অর্থাৎ বাংলাদেশের তুলনায় গোলের ব্যবধানে এগিয়ে লাল-সবুজের দল।

এ অবস্থায় শুধু জয় পেলেই চলবে না বাংলাদেশের। কোয়ার্টার ফাইনালের দৌড়ে থাকতে হলে উজবেকিস্তানকে অন্তত তিন থেকে চার গোলের ব্যবধানে হারাতে হবে। তাতে বাংলাদেশের গোল ব্যবধান দাঁড়াবে মাইনাস ৩ বা মাইনাস ৪-এর ঘরে।

কিন্তু এখানেই শেষ নয় অপেক্ষা। এরপর তাকিয়ে থাকতে হবে অন্য গ্রুপের ফলের দিকে। ভারত যদি চাইনিজ তাইপেকে চার গোলের ব্যবধানে হারায় এবং জাপান যদি ভিয়েতনামকে পাঁচ গোলের ব্যবধানে হারাতে পারে, তখন তৃতীয় স্থানের সেরা দুই দলের একটি হওয়ার সুযোগ পাবে বাংলাদেশ।

সব মিলিয়ে পথটা তাই কঠিন, প্রায় অসম্ভবের কাছাকাছি। তবু ফুটবলের সৌন্দর্যই হলো শেষ বাঁশি বাজা পর্যন্ত লড়াই। স্বপ্ন বাঁচিয়ে রাখার শেষ চেষ্টায় আজ মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। ড্র হলে অবশ্য সব সম্ভাবনার দুয়ার বন্ধ হয়ে যাবে। তখন উজবেকিস্তানের মতো বাংলাদেশেরও শেষ হয়ে যাবে কোয়ার্টার ফাইনালের আশা।

এমআই