Advertisement
Us Bangla Airlines
বিশ্বকাপে টুর্নামেন্টসেরা হওয়ার দৌড়ে আট ক্রিকেটার

বিশ্বকাপে টুর্নামেন্টসেরা হওয়ার দৌড়ে আট ক্রিকেটার

খেলা ডেস্ক

০৬ মার্চ ২০২৬, ২১:৪২

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর এখন শেষ প্রহরে। টুর্নামেন্টজুড়ে উত্তেজনাপূর্ণ লড়াই শেষে ফাইনালে উঠেছে ভারত ও নিউজিল্যান্ড। শিরোপা নির্ধারণের আগে এবার প্রকাশ করা হয়েছে টুর্নামেন্টসেরা হওয়ার দৌড়ে থাকা ক্রিকেটারদের নাম।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) প্রাথমিক তালিকায় রেখেছে ছয় দেশের আট ক্রিকেটারকে। টুর্নামেন্টজুড়ে ব্যাট ও বল হাতে যাঁরা সবচেয়ে বেশি প্রভাব রেখেছেন, তাঁদের মধ্য থেকেই বেছে নেওয়া হবে এবারের বিশ্বকাপের সেরা ক্রিকেটার।

ফাইনালে ওঠা নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার ও ভারতের একজন রয়েছেন এই দৌড়ে। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটারও জায়গা পেয়েছেন তালিকায়। এছাড়া ইংল্যান্ড, পাকিস্তান ও নেদারল্যান্ডস থেকে আছেন একজন করে।

ভারতের হয়ে তালিকায় আছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। চার ম্যাচে ৭৭.৩৩ গড়ে করেছেন ২৩২ রান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অলিখিত কোয়ার্টার ফাইনালে অপরাজিত ৯৭ রান করার পর সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন ৮৯ রানের ঝলমলে ইনিংস। গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে উঠে টানা দুই ম্যাচে হয়েছেন ম্যাচসেরা।

ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকসও আছেন এই তালিকায়। আট ম্যাচে ২২৬ রান করার পাশাপাশি নিয়েছেন ৯টি উইকেট। ব্যাট ও বল হাতে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য চারবার হয়েছেন ম্যাচসেরা। দল ফাইনাল খেলতে পারলে তিনি হতেন টুর্নামেন্টসেরা হওয়ার বড় দাবিদার।

নিউজিল্যান্ডের টিম সেইফার্ট ব্যাট হাতে ছিলেন বেশ ধারাবাহিক। আট ম্যাচে ৪৫.৬৬ গড়ে করেছেন ২৭৪ রান। তাঁর ব্যাট থেকে এসেছে তিনটি অর্ধশতক। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩ বলে ৫৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি।

কিউই অলরাউন্ডার রাচিন রবীন্দ্রও রয়েছেন টুর্নামেন্টসেরার দৌড়ে। আট ম্যাচে নিয়েছেন ১১টি উইকেট, ব্যাট হাতে করেছেন ১২৮ রান। শ্রীলঙ্কার বিপক্ষে ২৭ রানে ৪ উইকেট এবং ইংল্যান্ডের বিপক্ষে ১৯ রানে ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম আট ম্যাচে তিন অর্ধশতকে করেছেন ২৮৬ রান। নিউজিল্যান্ডের বিপক্ষে তাঁর অপরাজিত ৮৬ রানের ইনিংস ছিল টুর্নামেন্টের অন্যতম সেরা। প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিডিও আছেন তালিকায়। সাত ম্যাচে নিয়েছেন ১২টি উইকেট।

পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহান এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক। সাত ম্যাচে ৭৬.৬০ গড়ে করেছেন ৩৮৩ রান। এবারের আসরে একমাত্র ব্যাটসম্যান হিসেবে করেছেন একাধিক শতক।

সহযোগী সদস্য দেশের প্রতিনিধিত্ব করছেন নেদারল্যান্ডসের পেসার শ্যাডলে ফান শকউইক। চার ম্যাচে ১৩টি উইকেট নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকার শীর্ষে আছেন তিনি। ভারত ও পাকিস্তানের বিপক্ষে নিয়েছেন চারটি করে উইকেট।

এমআই