অবশেষে ভারত ছাড়ার বিমান পাচ্ছে ক্যারিবিয়ানরা
খেলা ডেস্ক
০৫ মার্চ ২০২৬, ২২:৫৭
আন্তর্জাতিক অস্থিরতার কারণে কয়েক দিন ধরেই ভারতে আটকে ছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তবে অবশেষে তাদের জন্য চার্টার ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। এতে করে দীর্ঘ অনিশ্চয়তার পর দেশে ফেরার পথ খুলল ক্যারিবিয়ানদের।
চলমান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব থেকে বিদায় নেওয়ার পর প্রায় চার দিন ধরে কলকাতায় অবস্থান করছিল ওয়েস্ট ইন্ডিজ দল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর উপসাগরীয় অঞ্চলের কিছু আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় তাদের নির্ধারিত ফ্লাইট স্থগিত করা হয়।
এমন পরিস্থিতিতে চার্টার ফ্লাইটের ব্যবস্থা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এতে করে অবশেষে দেশে ফেরার সুযোগ পেল ক্যারিবিয়ান দল। যদিও দলের অনিশ্চিত পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিলেন কোচ ড্যারেন সামি। এক পোস্টে তিনি লিখেছিলেন, “আমি শুধু বাড়ি ফিরতে চাই।”
পরে আরেকটি পোস্টে ভ্রমণ পরিকল্পনা নিয়ে হতাশা প্রকাশ করে তিনি লিখেছিলেন, “কমপক্ষে একটা আপডেট দিন। আজ, কাল নাকি আগামী সপ্তাহ—কিছু তো বলুন। পাঁচ দিন হয়ে গেল।”
চার্টার ফ্লাইটের ব্যবস্থা হওয়ার খবর পাওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সামি জানান, এটিই ছিল দলটির প্রধান প্রত্যাশা। তবে ওয়েস্ট ইন্ডিজের সব ক্রিকেটার হয়তো একসঙ্গে দেশ ছাড়ছেন না। কারণ শিগগিরই শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রস্তুতি ক্যাম্প। ফলে কয়েকজন ক্রিকেটার আপাতত ভারতে থেকেই যেতে পারেন।
এই তালিকায় আছেন রোভম্যান পাওয়েল, যিনি খেলেন কলকাতা নাইট রাইডার্সে। এছাড়া শেরফান রাদারফোর্ড আছেন মুম্বাই ইন্ডিয়ান্সে। অন্যদিকে শিমরন হেটমায়ার খেলেন রাজস্থান রয়্যালসে এবং রোমারিও শেফার্ড আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরে।
এক বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতির কারণে ফ্লাইট চলাচলে বাধা তৈরি হয়েছিল। খেলোয়াড়দের নিরাপদে দেশে ফেরাতে আইসিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করা হয়েছে।
এমআই