বিশ্বকাপে কেন খেলবে না, জানাল ইরানের ক্রীড়ামন্ত্রী
খেলা ডেস্ক
১১ মার্চ ২০২৬, ২২:৩২
আসন্ন বিশ্বকাপ শুরু হতে আর মাত্র তিন মাস বাকি। কিন্তু ফুটবলের এই মহাযজ্ঞকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির কারণে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে অংশ না নেওয়ার কথা জানিয়েছে ইরান। দেশটির ক্রীড়ামন্ত্রী আহমাদ দানিয়ামালি সরাসরি জানিয়েছেন, যাদের হাতে তাদের নেতা নিহত হয়েছেন, সেই দেশে তাদের দল খেলবে না।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক অনুষ্ঠানে তিনি বলেন, “যে দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের নেতাকে হত্যা করেছে, কোনো পরিস্থিতিতেই আমরা তাদের দেশে বিশ্বকাপে অংশ নিতে পারি না। গত কয়েক মাসে আমাদের ওপর দুটি যুদ্ধ চাপানো হয়েছে, হাজারো মানুষ নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে আমাদের সন্তানদের নিরাপত্তা যেখানে নেই, সেখানে খেলতে যাওয়ার প্রশ্নই আসে না।”
ড্র অনুযায়ী ইরান গ্রুপ ‘জি’-তে রয়েছে। সেখানে তাদের প্রতিপক্ষ বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ড। এই তিনটি ম্যাচই হওয়ার কথা যুক্তরাষ্ট্রে—দুটি লস অ্যাঞ্জেলেসে এবং একটি সিয়াটলে। গ্রুপে দ্বিতীয় হলে শেষ ৩২-এর লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত সপ্তাহে আটলান্টায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় ইরান অংশগ্রহণ করেনি, যা বিতর্কের সৃষ্টি করেছে। আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে তিনি খুব বেশি ভাবছেন না।
এর বিপরীতে আশাবাদী অবস্থান নিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি জানান, যুক্তরাষ্ট্র ইরানের অংশগ্রহণে আপত্তি করছে না এবং বিশ্বকাপের মতো বড় আয়োজন মানুষকে একত্রিত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
বিশ্বকাপ পরিচালনার একজন কর্মকর্তা জানিয়েছেন, বৈশ্বিক অস্থিরতার কারণে টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার সুযোগ নেই। তবে পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এবার দেখার বিষয়, শেষ পর্যন্ত ইরান অংশ নেবে কি না এবং না নিলে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা তার প্রতিক্রিয়া কী হবে। অতীতে অনূর্ধ্ব–২০ বিশ্বকাপে ইসরায়েলকে আতিথ্য দিতে অস্বীকৃতি জানানোয় আয়োজকত্ব কেড়ে নেওয়া হয়েছিল। এবার যুক্তরাষ্ট্র আয়োজন করছে, তাই ইরানের অংশগ্রহণ নিয়ে বিশ্ব ফুটবলের নজর এখন বিশেষভাবে কাড়ছে।
এমআই