Advertisement
Us Bangla Airlines
বড় দুঃসংবাদ পাচ্ছেন সাকিব

বড় দুঃসংবাদ পাচ্ছেন সাকিব

খেলা ডেস্ক

০৫ মার্চ ২০২৬, ১৬:৪৩

বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। কিন্তু সেই নাম ঘিরেই এখন যেন দীর্ঘশ্বাসের গল্প। জাতীয় দলে ফেরার আশায় যে আলো জ্বলছিল, সেটি আপাতত নিভেই থাকছে। সামনে পাকিস্তান সিরিজ, তবুও বাংলাদেশের জার্সিতে মাঠে নামা হচ্ছে না সাকিবের। ফলে অপেক্ষা আরও লম্বা হচ্ছে, বাড়ছে ভক্তদের হতাশাও।

অনেক দিন ধরেই জাতীয় দলে সাকিবের ফেরা নিয়ে চলছে আলোচনা। সাম্প্রতিক সময়ে সেই আলোচনা আরও জোরালো হয়েছিল। ধারণা করা হচ্ছিল, পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ দিয়েই হয়তো আবারও দলে দেখা যাবে দেশসেরা এই অলরাউন্ডারকে। কিন্তু বাস্তবতা ভিন্ন। নির্বাচকদের দেওয়া প্রাথমিক স্কোয়াডে নেই সাবেক এই অধিনায়কের নাম।

এর পেছনে রয়েছে একাধিক কারণ। দীর্ঘ সময় দলের বাইরে থাকার পাশাপাশি সতীর্থদের সঙ্গে অনুশীলনের সুযোগও পাননি সাকিব। এমন পরিস্থিতিতে হুট করে তাকে স্কোয়াডে যুক্ত করার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন উঠেছে নির্বাচকদের মধ্যে। এর পেছনে সাকিবের ফর্ম ও ম্যাচ ফিটনেস বড় বিষয়।

অন্যদিকে, তার বিরুদ্ধে চলমান মামলার বিষয়টিও এখনও পুরোপুরি মীমাংসিত হয়নি। সেই জটিলতার কারণেই দেশে ফেরেননি সাকিব। ফলে জাতীয় দলে ফেরার পথ আপাতত অনিশ্চয়তার মেঘেই ঢাকা। গতকাল বুধবার কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ বিষয়ে কথা বলেন বিসিবি পরিচালক আসিফ আকবর।

আসিফ আকবর বলেন, ‘সাকিবের মামলার বিষয়টি নিয়ে কাজ চলছে। বিসিবির পক্ষ থেকে বিষয়টি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় কাজ করছে, পাশাপাশি আমাদের আইনি দলও বিষয়টি দেখছে।’ তবে আশার আলো একেবারে নিভে যায়নি। দ্রুততম সময়ের মধ্যেই সাকিবকে আবারও বাংলাদেশের ক্রিকেটে দেখতে পাওয়ার আশা করছেন বিসিবির এই পরিচালক।

আসিফ আকবর আরও বলেন, ‘সাকিবের যে আইনগত বিষয়গুলো নিয়ে জটিলতা তৈরি হয়েছিল, সেগুলো সমাধানে মন্ত্রণালয় ও বিসিবি একসঙ্গে কাজ করছে। আমরা খুব আশাবাদী, দ্রুতই তাকে বাংলাদেশের ক্রিকেটে দেখতে পারব। আপনার মতো, সাকিবিয়ানদের মতো, সারা দেশের মতো আমরাও অপেক্ষা করছি।’

উল্লেখ্য, আগামী ১১ মার্চ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ। মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের এই সিরিজের সবগুলো ম্যাচই। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর সোয়া ২টায়। যদিও এখনও এই সিরিজের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এমআই