‘সাকিব এখনও বাংলাদেশের একাদশে থাকার যোগ্যতা রাখে’
খেলা ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১১
আবারও দেশের ক্রিকেটে আলোচনার কেন্দ্রে সাকিব আল হাসান। রাজনৈতিক জটিলতায় গত দেড় বছর দেশের জার্সি গায়ে না জড়ানো সাকিবকে হঠাৎ করেই দলে চাইতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের পরিচালক শানিয়ান তানিম স্পষ্ট জানালেন, সাকিব দেশের যেকোনো ফরম্যাটের একাদশে থাকার যোগ্য।
কিন্তু মনে করিয়ে দেওয়া যায়, সম্প্রতি পর্যন্ত বিসিবি এমন সিদ্ধান্তে পৌঁছায়নি। কিছুদিন আগে পর্যন্ত সাকিবের নাম উল্লেখ করে প্ল্যাকার্ড নিয়ে মাঠে প্রবেশ নিষিদ্ধ ছিল। বারবার ফেরানোর বিষয়ে আলোচনা থাকলেও বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবু এখন পরিস্থিতি বদলেছে, বিসিবি কার্যত সাকিবকে দলে ফেরাতে মরিয়া।
বিসিবি সামাজিক যোগাযোগমাধ্যমেও গত কয়েকদিন ধরে সাকিবকে নিয়ে সমর্থকদের বিভিন্ন পোস্ট শেয়ার করেছে। বোর্ড কর্তারাও স্বপ্রণোদিত হয়ে তার ফেরার বিষয়ে আভাস দিয়েছেন।
এবার নিজের অবস্থান স্পষ্ট করে শানিয়ান বগুড়ায় গণমাধ্যমকে বলেন, ‘সাকিব এখনও বাংলাদেশ দলের প্রথম একাদশে থাকার যোগ্যতা রাখে। আমাদের তিন ফরম্যাটের অধিনায়ক—মিরাজ, লিটন এবং শান্তকে জিজ্ঞেস করুন, ওরা প্রথম একাদশে সাকিবকে রাখবে। এটা আমার ব্যক্তিগত মতামত, বোর্ড পরিচালক হিসেবে নয়।’
তিনি আরও বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি চাই সাকিব দেশে আসুক এবং দেশের প্রতিনিধিত্ব করুক। তার রাজনৈতিক এজেন্ডা বা ব্যবসায়িক জটিলতা তার বিষয়। সে নিজে মোকাবিলা করবে। তবে ক্রিকেটার হিসেবে সে প্রথম একাদশে থাকার যোগ্য।’
সাকিবকে দলে ফেরানোর বিষয়ে বিসিবিও ইতোমধ্যে সদিচ্ছা দেখিয়েছে। বোর্ড আইনী জটিলতাগুলোতে সহায়তার আশ্বাস দিয়েছে। তবে নতুন ও যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জানিয়েছেন, সাকিবকে দেশে এসে নিজে মামলার বিষয়গুলো মোকাবিলা করতে হবে। যেহেতু কয়েকটি মামলার আসামী তিনি, সেগুলো সমাধানও সময়সাপেক্ষ।
এমআই