Advertisement
Us Bangla Airlines
টুর্নামেন্ট শুরুর আগেই পাল্টে গেল রিশাদদের দলের নাম

টুর্নামেন্ট শুরুর আগেই পাল্টে গেল রিশাদদের দলের নাম

খেলা ডেস্ক

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪১

টুর্নামেন্টের পর্দা ওঠার আগেই বড় চমক। বদলে গেল রিশাদ হোসেনের দলের নাম। আসন্ন পাকিস্তান সুপার লিগে একেবারে নতুন পরিচয়ে হাজির হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। দলটির নাম রাওয়ালপিন্ডির পরিবর্তে এক শব্দের নাম ‘পিন্ডিজ’ করা হয়েছে। এর আগে দলটির নাম ছিল টিম রাওয়ালপিন্ডি।

বিশ্বের বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজি লিগে দলগুলোর নাম হয় দুই শব্দে। সেই চেনা ধারা ভেঙেই ব্যতিক্রমী পথে হাঁটল রাওয়ালপিন্ডিভিত্তিক এই দল। মালিকানা পরিবর্তনের পর ২৪৫ কোটি রুপিতে বিক্রি হওয়া ফ্র্যাঞ্চাইজিটি কিনে নেয় ওয়ালি টেকনোলজিস। নতুন মালিকানার হাত ধরেই আসে শহরকেন্দ্রিক পরিচয়ের ঘোষণা।

এর আগে দলটি পরিচিত ছিল মুলতান সুলতানস নামে। কিন্তু সেই অধ্যায়ের ইতি টেনে রাওয়ালপিন্ডিকে সামনে রেখে গড়া হয়েছে নতুন ব্র্যান্ড। ২৫ সেকেন্ডের একটি ঝরঝরে প্রচার ভিডিওতে নিজেদের নতুন নাম প্রকাশ করে ফ্র্যাঞ্চাইজিটি। সেখানে বার্তা ছিল স্পষ্ট—তারা সাহসী, তারা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, তারা উন্মাদনা আনতে চায় এবং খেলাকে বদলে দিতে চায়।

ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, আনুষ্ঠানিক প্রতীকচিহ্ন শিগগিরই উন্মোচন করা হবে। ভিডিওর শেষ শব্দ—‘চলবে…’। অর্থাৎ সামনে আরও চমকের ইঙ্গিত।

বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেন আছেন এই নতুন পরিচয়ের দলে। নাম বদলের আলোয় ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে তারা। এখন দেখার—মাঠের পারফরম্যান্সে কতটা ঝলক ছড়াতে পারে ‘পিন্ডিজ’। বল হাতে রিশাদের ঝলক দেখতে মুখিয়ে থাকবে বাংলাদেশি ভক্তরাও।

এমআই