Advertisement
Us Bangla Airlines
ছক্কা বৃষ্টিতে বিশ্বরেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ

ছক্কা বৃষ্টিতে বিশ্বরেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ

খেলা ডেস্ক

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৩

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ যেন রানের মহোৎসব। একের পর এক উচ্চ স্কোর, বাউন্ডারির ঝড়। আর সেই ঝড়ের সবচেয়ে বড় হোতা এখন ওয়েস্ট ইন্ডিজ। ছক্কার বন্যায় এক আসরে সর্বোচ্চ ওভার বাউন্ডারির বা ছক্কার বিশ্বরেকর্ড গড়ে ফেলেছে ক্যারিবীয়রা।

এবারের আসরে এখন পর্যন্ত ৬৬টি ছক্কা হাঁকিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ। নিজেদের আগের রেকর্ডও ভেঙেছে তারা। ২০২৪ সালের আসরে ৬২ ছক্কা হাঁকিয়েছিল ক্যারিবীয়রা।

ছক্কা মারার ঐতিহ্য ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট সংস্কৃতির অংশ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ক্যারিবীয় ব্যাটারদের চাহিদার বড় কারণই তাদের পাওয়ার হিটিং। এবারের বিশ্বকাপেও সেই সামর্থ্যের পূর্ণ প্রকাশ ঘটিয়েছেন শিমরন হেটমায়ার, রাদারফোর্ড, জেসন হোল্ডাররা।

জিম্বাবুয়ের বিপক্ষে ২৫৪ রানের দিনে ১৯টি ছক্কা হাঁকায় ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে মেরেছিল ১৩টি। প্রথম ম্যাচে আসে ১১টি ছক্কা। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের ম্যাচেও তারা হাঁকিয়েছে ১১টি ওভার বাউন্ডারি। সবমিলিয়ে ছক্কার সংখ্যা ৬৬টি।

ব্যক্তিগত পারফরম্যান্সেও এগিয়ে ক্যারিবীয়রা। দলের ৬৬ ছক্কার মধ্যে ১৭টিই এসেছে শিমরন হেটমায়ারের ব্যাট থেকে, যা চলতি আসরে কোনো ব্যাটারের সর্বোচ্চ।

ছক্কার দৌড়ে অবশ্য পিছিয়ে নেই ভারতও। জিম্বাবুয়ের বিপক্ষে ১৭ ছক্কা হাঁকিয়ে মোট ৬৩ ছক্কা নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। ফলে সুপার এইটে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি লড়াই শুধু সেমিফাইনালের টিকিটের জন্যই নয়, ছক্কার রেকর্ড নিয়েও হতে পারে জমজমাট।

একনজরে ছক্কার পরিসংখ্যান

দল ছক্কার সংখ্যা আসর
ওয়েস্ট ইন্ডিজ ৬৬ ২০২৬
ভারত ৬৩ ২০২৬
ওয়েস্ট ইন্ডিজ ৬২ ২০২৪
ভারত ৬১ ২০২৪
অস্ট্রেলিয়া ৫৭ ২০১০

এমআই