Advertisement
Us Bangla Airlines
৩-০ ব্যবধানে জয় পেল বাংলাদেশ

৩-০ ব্যবধানে জয় পেল বাংলাদেশ

খেলা ডেস্ক

১৯ জানুয়ারি ২০২৬, ১৭:৪৮

থাইল্যান্ডের ব্যাংককে সাফ নারী ফুটসালে দাপুটে এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আজ সোমবার টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপার দৌড়ে নিজেদের অবস্থান আরও শক্ত করল সাবিনা খাতুনের দল। টুর্নামেন্টে এটা বাংলাদেশের দ্বিতীয় জয়।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে ধারালো ছিল লাল-সবুজের মেয়েরা। প্রথমার্ধেই দুই গোলের লিড নেয় বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুন ম্যাচের সূচনা করেন গোল দিয়ে। চলমান আসরে এটি তাঁর চতুর্থ গোল। প্রথম ম্যাচে জোড়া গোলের পর পরের দুই ম্যাচেও একটি করে গোল করে ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি।

প্রথমার্ধের দ্বিতীয় গোলটি আসে কৃষ্ণা রাণী সরকারের পা থেকে। দারুণ নিয়ন্ত্রণে বল সামলে দূরপাল্লার শটে নেপালের গোলরক্ষককে কোনো সুযোগই দেননি তিনি। সাবিনা ও কৃষ্ণা একসময় জাতীয় নারী ফুটবল দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। তবে ব্রিটিশ কোচ পিটার বাটলারের সঙ্গে সৃষ্ট দূরত্বের কারণে বর্তমানে জাতীয় দলের বাইরে তারা।

ভারতকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

দ্বিতীয়ার্ধেও ম্যাচের রাশ ছিল বাংলাদেশের হাতেই। একের পর এক আক্রমণে নেপালের রক্ষণ ও গোলরক্ষককে ব্যতিব্যস্ত করে তোলে বাংলাদেশ। শেষ পর্যন্ত লিপি আক্তারের জোরালো শটে আসে তৃতীয় গোল। ফ্রি-কিক থেকে সুমাইয়ার বাড়ানো বল বক্সের বাইরে থেকে দারুণ দক্ষতায় জালে পাঠান লিপি। গোলপোস্টে দাঁড়িয়ে দারুণ আক্রমণ সামলেছেন গোলরক্ষক ঝিলি।

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভুটানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে। নেপালের বিপক্ষে এই জয়ে তিন ম্যাচে বাংলাদেশের সংগ্রহ দাঁড়াল ৭ পয়েন্ট। ফলে ছয় ম্যাচের লিগ শেষে শীর্ষে থেকে শিরোপা জয়ের সম্ভাবনা এখন বেশ উজ্জ্বল।

এমআই