৩৩ দিনেই ছাড়াছাড়ি হলো ন্যান্সির
খেলা ডেস্ক
০৬ জানুয়ারি ২০২৬, ১৭:১০
স্বপ্ন ছিল দীর্ঘমেয়াদি, বাস্তবতা হলো ক্ষণস্থায়ী। সেলটিকের সঙ্গে আড়াই বছরের চুক্তি করেও মাত্র ৩৩ দিনেই বিদায় নিতে হলো উইলফ্রাইড ন্যান্সিকে। স্কটিশ চ্যাম্পিয়নদের ডাগআউটে ফরাসি কোচের অধ্যায় শেষ হয়ে গেল শুরু হওয়ার আগেই। মাত্র এক মাসের মাথায় দলের সঙ্গে ছাড়াছাড়ি হলো তাঁর।
মেজর লিগ সকারে কলাম্বাস ক্রুর সঙ্গে মৌসুম শেষ করে গত ৪ ডিসেম্বর সেলটিকের দায়িত্ব নেন ৪৮ বছর বয়সী ন্যান্সি। কিন্তু মাঠের পারফরম্যান্সে প্রত্যাশার ছিটেফোঁটাও রাখতে পারেননি তিনি। শনিবার রেঞ্জার্সের বিপক্ষে ৩–১ গোলের হার ছিল কফিনের শেষ পেরেক। আট ম্যাচে ষষ্ঠ হার দেখেই কঠোর সিদ্ধান্ত নেয় ক্লাব কর্তৃপক্ষ।
এই ব্যর্থতার মধ্য দিয়ে সেলটিকের ইতিহাসে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডের মালিক হলেন ন্যান্সি। সবচেয়ে কম সময়ে বরখাস্ত হওয়া কোচ এখন তিনি। তার আগে অন্তর্বর্তীকালীন কোচ মার্টিন ও’নেইলের অধীনে আট ম্যাচে সাত জয়ের দারুণ ধারায় ছিল দল। ন্যান্সি দায়িত্ব নেওয়ার পর সেই ধারাবাহিকতায় নামে হঠাৎ ধস।
সেলটিকের কোচ হিসেবে নিজের প্রথম দুই ম্যাচেই হারের স্বাদ পান ন্যান্সি। এরপর প্রিমিয়ার স্পোর্টস কাপ ফাইনালের দুই ম্যাচেও হার মানতে হয় তাকে। এর ফলে ১৯৭৮ সালের পর প্রথমবার টানা চার ম্যাচে পরাজয়ের লজ্জায় পড়ে ক্লাবটি।
মাঝে অ্যাবারডিন ও লিভিংস্টোনের বিপক্ষে টানা দুটি লিগ জয় কিছুটা স্বস্তি দিলেও তা ছিল সাময়িক। এরপর দ্রুতই আবার বিপর্যয়ের পথে হাঁটে সেলটিক। কোচ পরিবর্তনের পাশাপাশি ফুটবল অপারেশন্সের প্রধান পল টিসডেলকেও সরিয়ে দিয়েছে ক্লাব। ২০২৪ সালের অক্টোবর থেকে এই দায়িত্বে ছিলেন তিনি।
এমআই