Advertisement
Us Bangla Airlines
ছক্কার পর ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়লেন হেটমায়ার

ছক্কার পর ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়লেন হেটমায়ার

খেলা ডেস্ক

২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪১

১৫ রানের আক্ষেপ কি হবে হেটমায়ারের? হতেই পারে। আর কিছু রান করলেই পেতে পারেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এমনকি বিশ্বকাপে সেঞ্চুরির খাতায়ও নাম লেখাতে পারতেন এই ক্রিকেটার। তবে ছক্কা মারতে গিয়েই ডিপ মিডউইকেটে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন শিমরন হেটমায়ার। যদিও আউট হওয়ার আগে কাজের কাজটাই করে গিয়েছেন তিনি।

সোমবার ওয়াংখেড়ে জিম্বাবুয়ের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ পর্বে সব ম্যাচ জেতা ক্যারিবিয়ানদের আজ ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি। দলীয় ১৭ রানের মাথায় প্রথম উইকেট হারায় তারা। এরপর তিন নম্বরে ব্যাট করতে নামেন শিমরন হেটমায়ার। বাউন্ডারি হাঁকিয়ে ইনিংস শুরু এই ব্যাটার ব্যক্তিগত ৯ রানের মাথায় ক্যাচ দিয়ে বেঁচে যান।

জীবন পেয়ে হেটমায়ার হয়ে ওঠেন বিধ্বংসী। একের পর এক ছক্কা হাঁকাতে থাকেন তিনি। স্পিনার পেলেই বেশিই চড়া হয়েছিলেন এই বাঁহাতি ব্যাটার। তাতে ব্যক্তিগত ১৯ বলে ফিফটির দেখা পেয়ে যান তিনি। ওয়েস্ট উন্ডিজের হয়ে বিশ্বকাপে এত দ্রুত শতক হাঁকাতে পারেননি কোনো ব্যাটার। অবশ্য এর আগের রেকর্ডটা হেটমায়ারেরই ছিল।

চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ২২ বলে ফিফটি হাঁকান তিনি। ক্যারিবিয়ানদের হয়ে এটাই ছিল দ্রুততম ফিফটি। তবে ১৬ দিন পরেই নিজের দ্রুততম ফিফটি রেকর্ড ভাঙলেন হেটমায়ার নিজেই। জিম্বাবুয়ের বিপক্ষে ৩৪ বলে ৮৫ রান করে আউট হওয়ার দিনে হাঁকিয়েছেন ৭ চার ও ৭ ছক্কা।

চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ শতাধিক ছক্কা দেখেছে ক্রিকেট বিশ্ব। এর মধ্যে সর্বোচ্চ ১৭টি ছক্কা মেরেছেন শিমরন হেটমায়ার। ১১টি ছক্কা মেরে দ্বিতীয় পাকিস্তানের শাহিবজাদা ফারহান। এছাড়া টুর্নামেন্টে এখন পর্যন্ত ২১৯ রান করে রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় হেটমায়ার। ২২০ রান করে শীর্ষে রয়েছেন শাহিবজাদা ফারহান।

এদিকে সুপার সিক্সে জিম্বাবুয়ে ছাড়াও ভারত, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সেমিফাইনাল খেলতে তিন ম্যাচের মধ্যে অনন্ত দুইটি জিততেই হবে। ২৫৪ রান করে নিশ্চয়ই প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে হারানোর স্বপ্নই দেখছে ক্যারিবিয়ানরা। দেখার পালা, ম্যাচের ফলাফল কোথায় গিয়ে দাঁড়ায়।

এমআই