৩৭২৪ ম্যাচে এমন ঘটনা প্রথম দেখা গেল
খেলা ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩৪
ইতিহাসের পাতায় নাম লিখিয়ে দিলেন ক্যারিবিয়ান পেসার শামার জোসেফ। আন্তর্জাতিক টি-টোয়েন্টির ২১ বছরের ইতিহাসে যে নজির আগে কেউ গড়ে উঠেনি, সেটাই করে দেখালেন তিনি। এক ম্যাচে বল হাতে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ফিল্ডার হিসেবে হাতে গলিয়েছেন ৪টি ক্যাচ। বিশ্ব ক্রিকেটে এমন নজির দ্বিতীয়বার দেখা যায়নি।
২০০৫ সালের ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক টি-টোয়েন্টি শুরু হওয়ার পর ৩৭২৪ ম্যাচে এই কীর্তি প্রথমবার চোখে পড়ল। বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালির বিপক্ষে কলকাতায় মাত্র ৩০ রানে ৪ উইকেট নেন জোসেফ। সঙ্গে নেন ৪টি ক্যাচ, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক নতুন যুগলবন্দি সৃষ্টি করেছে।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবারের মতো ৪ উইকেটের স্বাদ পেলেন জোসেফ। শুধুমাত্র ছেলেদের ক্রিকেটেই নয়, মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৬১৭টি ম্যাচে কেউ একই সঙ্গে ৪ উইকেট ও ৪ ক্যাচ নিতে পারেননি।
এর আগে ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একই রকম পারফরম্যান্সে ৩ উইকেট ও ৪ ক্যাচ করেছেন মাত্র তিনজন। তাদের একজন ছিলেন জোসেফদের কোচ ড্যারেন স্যামি। ২০১০ সালের বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩০ রানে ৩ উইকেট ও ৪ ক্যাচ করেছিলেন তিনি। গত বছর একই কীর্তি করেছেন জোফরা আর্চার ও হাঙ্গেরির সাদাত সাইদ।
এক ম্যাচে ৪ উইকেটের সঙ্গে ৩ ক্যাচ নেওয়া ক্রিকেটার আছেন পাঁচজন। ইন্দোনেশিয়ার আঞ্জার তাদারুস, বারমুডার অ্যালান ডগলাস, কানাডার কালিম সানা, ডেনমার্কের নিকোলাজ লেগসগার্ড এবং বতসোয়ানার কারাবো মতহানকা।
তবে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেট বিবেচনা করলে এ তালিকায় সবচেয়ে এগিয়ে থাকবেন ড্যারেল মিচেল। ২০১৪ সালে নর্থ্যাম্পটনশায়ারের বিপক্ষে উস্টারশায়ারের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে এক ম্যাচেই ৪ ক্যাচের সঙ্গে নিয়েছিলেন ৫ উইকেট। এছাড়া চার ক্যাচ ও চার উইকেট নিয়েছেন বিশ্বের ৪ ক্রিকেটার।
এমআই