বড় দুঃসংবাদ পেতে যাচ্ছেন রশিদ খান
খেলা ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫২
টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বপ্ন দেখেছিল আফগানিস্তান, কিন্তু সেই স্বপ্ন ভেঙেছে গ্রুপ পর্বেই। ২০২৪ আসরে সেমিফাইনাল খেলা দলটি এবার সুপার এইটেও জায়গা করে নিতে পারেনি। আর সেই ব্যর্থতার ভার গিয়ে পড়ছে অধিনায়ক রশিদ খানের কাঁধে। এশিয়া কাপের পর বিশ্বকাপেও ভরাডুবি মেনে নিতে পারছে না দেশটির ক্রিকেট বোর্ড।
আফগান সংবাদমাধ্যম আমু টিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে এই লেগস্পিনারকে। তার বদলে নেতৃত্ব পেতে পারেন ওপেনার ইব্রাহিম জাদরান। তবে তারকা রশিদ খানকে হুট করে সরিয়ে দিয়ে অসম্মান করতে চায় না আফগান ক্রিকেট বোর্ড।
সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়েই নেওয়া হতে পারে এই সিদ্ধান্ত। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি আফগানিস্তান ক্রিকেট বোর্ড।
২০১৯ সালে প্রথম টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পান রশিদ। ছয় বছরের বেশি সময়ে ৪৮ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার অধীনে আফগানিস্তান জিতেছে ২৬টি ম্যাচ, হেরেছে ২১টিতে। সাম্প্রতিক বছরগুলোতে সীমিত ওভারের ক্রিকেটে আফগানদের উত্থানের পেছনে তার নেতৃত্বের ভূমিকাও ছিল উল্লেখযোগ্য।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বিশ্বকাপ শুরুর আগেই নেতৃত্বে পরিবর্তনের কথা ভেবেছিল বোর্ড। তবে তখন পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত কার্যকর করা হয়নি। বিশ্বকাপ ব্যর্থতার পর সেই আলোচনা আবারও সামনে এসেছে। রশিদের বিকল্প হিসেবে ইব্রাহিম জাদরানের পাশাপাশি আলোচনায় আছে রহমানউল্লাহ গুরবাজ ও আজমতউল্লাহ ওমরজাইয়ের নাম।
তবে ওমরজাই নিজেই অধিনায়কত্বে অনাগ্রহ জানিয়েছেন বলে জানা গেছে। সব মিলিয়ে জাদরান ও গুরবাজের মধ্য থেকেই নতুন নেতা বেছে নেওয়ার সম্ভাবনা বেশি। এখন দেখার পালা, আনুষ্ঠানিক ঘোষণায় আফগান ক্রিকেটের নেতৃত্ব নিয়ে কী জানায় বোর্ড।
এমআই