অবশেষে ভোটার হলেন সাকিব
খেলা ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০৮
দুই বছরেরও বেশি সময় বিদেশে থাকলেও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভোটার তালিকায় নাম এসেছে সাকিব আল হাসানের। যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, কানাডা ও আরব আমিরাতে খেলার সময় দেশের মাটিতে উপস্থিত না থাকলেও এবার ক্লাবের ৩৭১ জন ভোটারের মধ্যে জায়গা পেয়েছেন এই তারকা অলরাউন্ডার।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের নির্বাচন কমিশন আজ ভোটার তালিকা প্রকাশ করেছে। এতে দাতা সদস্য তিনজন এবং স্থায়ী সদস্য ৩৬৩ জন থাকছেন। সাকিবের ভোটার আইডি নাম্বার ৩১০। তবে দেশে না থাকায় ভোট দিতে পারার বিষয়টি এখনও অনিশ্চিত। ভোটের জন্য সাকিবকে অবশ্যই দেশে এসে উপস্থিত হতে হবে।
তালিকায় আরও আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহসভাপতি ফারুক আহমেদ এবং হেড অব প্রোগ্রাম মিনহাজুল আবেদীন নান্নু।
দলের হয়ে সাকিবের দেশে ফেরা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। বিষয়টি আইনি জটিলতা এবং সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, সাকিবের নামে যে মামলাগুলো রয়েছে, সেগুলো রাষ্ট্র দেখবে।
বিসিবি সহসভাপতি ফারুক আহমেদও ইঙ্গিত দিয়েছেন, পাকিস্তান সিরিজের সময় সাকিব দেশে ফিরতে পারবেন। ১১, ১৩ ও ১৫ মার্চ অনুষ্ঠিত হবে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২০২৪ সালের অক্টোবরের কানপুরে ভারতের বিপক্ষে টেস্টের পর বাংলাদেশের হয়ে আর মাঠে নামতে পারেননি সাকিব।
এমআই