Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশি আম্পায়ারসহ সুপার এইটের দায়িত্বে যারা

বাংলাদেশি আম্পায়ারসহ সুপার এইটের দায়িত্বে যারা

খেলা ডেস্ক

২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২৭

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ গ্রুপ পর্ব পেরিয়ে পৌঁছে গেছে সুপার এইটে। আট দলের মহারণ শুরু হচ্ছে আজ। আর এই গুরুত্বপূর্ণ পর্বের ম্যাচ পরিচালনায় কারা থাকছেন, তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। তালিকায় আছেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতও।

শনিবার কলম্বোতে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল ও পাকিস্তান জাতীয় ক্রিকেট দল ম্যাচ দিয়ে শুরু হবে গ্রুপ ‘২’-এর লড়াই। মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন রডনি ট্যাকার ও পল রিফেল। টেলিভিশন আম্পায়ার আল্লাহউদ্দিন পালেকার, চতুর্থ আম্পায়ার স্যাম নোগাজস্কি।

২৮ ফেব্রুয়ারি ক্যান্ডিতে শ্রীলঙ্কা–পাকিস্তান ম্যাচে ট্যাকার ও নোগাজস্কি মাঠে থাকবেন। ২৪ ফেব্রুয়ারি একই ভেন্যুতে ইংল্যান্ড–পাকিস্তান ম্যাচ পরিচালনা করবেন নোগাজস্কি ও নিতীন মেনন। ২২ ফেব্রুয়ারি ক্যান্ডিতে ইংল্যান্ড–শ্রীলঙ্কা ম্যাচে আহসান রাজা ও এড্রিয়ান হোল্ডস্টক দায়িত্বে থাকবেন।

পাঁচ দিন পর নিউজিল্যান্ডের ম্যাচেও হোল্ডস্টক থাকছেন মাঠে। ২৫ ফেব্রুয়ারি কলম্বোতে শ্রীলঙ্কা–নিউজিল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পালেকার ও আসিফ ইয়াকুব।

কো-হোস্ট ভারত জাতীয় ক্রিকেট দল ও দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল ম্যাচ দিয়ে ২২ ফেব্রুয়ারি শুরু হবে গ্রুপ ‘১’-এর খেলা। মাঠে থাকবেন অভিজ্ঞ রিচার্ড কেটলবারো ও ক্রিস গাফেনি। টেলিভিশন আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ, চতুর্থ আম্পায়ার ক্রিস ব্রাউন।

২৬ ফেব্রুয়ারি ভারত-জিম্বাবুয়ে ম্যাচে দায়িত্বে থাকবেন ওয়ার্ফ ও কেটলবারো। ১ মার্চ কলকাতায় সুপার এইটের শেষ ম্যাচ। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে মাঠে থাকবেন গাফেনি ও ওয়ার্ফ। ২৩ ফেব্রুয়ারি জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ পরিচালনা করবেন রিচার্ড ইলিংওর্থ ও জয়ারামণ মাদানাগোপাল।

২৬ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ–দক্ষিণ আফ্রিকা ম্যাচে মাঠে থাকবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ ও কুমার ধর্মসেনা। বিশ্বকাপে বাংলাদেশ দল না থাকলেও আম্পায়ারিং প্যানেলে দেশের প্রতিনিধিত্ব থাকছে। ১ মার্চ দক্ষিণ আফ্রিকা–জিম্বাবুয়ে ম্যাচে ধর্মসেনার সঙ্গে মাঠের দায়িত্বে থাকবেন ইলিংওর্থ।

সুপার এইটের ম্যাচ অফিসিয়ালরা

আম্পায়ার: রডনি ট্যাকার, পল রিফেল, আহসান রাজা, এড্রিয়ান হোল্ডস্টক, আল্লাহউদ্দিন পালেকার, স্যাম নোগাজস্কি, নিতীন মেনন, অ্যালেক্স ওয়ার্ফ, ক্রিস ব্রাউন, শরফুদ্দৌলা ইবনে শহীদ, কুমার ধর্মসেনা। ম্যাচ রেফারি: রঞ্জন মাডুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন, জাভাগাল শ্রীনাথ

এমআই