Advertisement
Us Bangla Airlines
মোস্তাফিজ থেকে শিখছেন কোচ সালাহউদ্দিন!

মোস্তাফিজ থেকে শিখছেন কোচ সালাহউদ্দিন!

খেলা ডেস্ক

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৪

বল হাতে দুর্দান্ত, তবে উদযাপনে নির্লিপ্ত। বাইশ গজে এটাই যেন পেসার মোস্তাফিজের আসল চরিত্র। আইপিএল ও বিশ্বকাপ ইস্যুতে মাঠের ভেতর-বাইরের টালমাটাল পরিস্থিতিতে মোস্তাফিজ যে মানসিক দৃঢ়তার পরিচয় দিচ্ছেন, তা শেখার মতো বলেই স্বীকার করলেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন।

আইপিএল থেকে ছিটকে যাওয়া, বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের আলোচনা, এমনকি ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে না গড়ানোর মতো বড় ঘটনাও—সব মিলিয়ে চারপাশ যখন উত্তাল, তখনও মোস্তাফিজ আছেন আগের মতোই নির্ভার। চুপচাপ, স্বাভাবিক, নিজের কাজে মনোযোগী। এই নির্লিপ্ততাই এখন আলোচনার কেন্দ্রে।

এত কিছুর পরও কি কিছুই স্পর্শ করে না মোস্তাফিজকে? প্রশ্নটা করেছিলেন খোদ সালাউদ্দিন নিজেই। তিনি বলেন, ‘প্রশ্নটা আমি নিজেই মোস্তাফিজকে করেছিলাম। আইপিএল থেকে বাদ পড়ার পর আসলে তুমি কী ফিল করছ? ও আমাকে শুধু বলেছে, লেট ইট গো। যেটা চলে গেছে, চলে গেছে।’

মোস্তাফিজের মানসিকতা নিয়ে সালাউদ্দিন বলেন, ‘সবাই তো আর মোস্তাফিজের মতো হতে পারবে না। কিন্তু এই চিন্তাধারা থাকলে প্লেয়ারের জন্যই ভালো। যে জিনিস আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, সেটা নিয়ে ভাবারও দরকার নেই। চাকরির ক্ষেত্রেও দেখুন—প্রমোশন হবে কি না, সেটা নিয়ে সারাক্ষণ চিন্তা করলে কাজ ঠিকমতো করা যায় না।’

কোচের মতে, মোস্তাফিজের এই দৃষ্টিভঙ্গি শুধু ক্রিকেট নয়, জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। টাইগার কোচ আরও বলেন, ‘এত বড় অঙ্কের টাকার কথা বলেন, ও চাইলে হতাশায় পড়ে যেতে পারত। কিন্তু সে জানে, এগুলো তার হাতে নেই। এই জায়গাটা আমি নিজেও মোস্তাফিজের কাছ থেকে শিখেছি। অন্যরাও হয়তো শিখবে।’

এমআই