ইনিংসের প্রথম বলে উইকেট তুলেছেন বাংলাদেশের ৭ বোলার
খেলা ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪৫
নিরাপত্তার কারণে চলমান বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ। তবুও পরিসংখ্যান আর নানান স্মৃতিতে চলে আসে বাংলাদেশের নাম। ওমানের বিপক্ষে ইনিংসের প্রথম বলেই উইকেট শিকার করেছেন অস্ট্রেলিয়ার ব্রাটলিট। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনিংসের প্রথম বলেই বাংলাদেশের হয়ে উইকেট পেয়েছেন কেবল তাসকিন আহমেদ।
টি-টোয়েন্টিতে ইনিংসের প্রথম বলে উইকেট নিয়েছেন বাংলাদেশের ৭ জন বোলার। সবশেষ নাম নাসুম আহমেদ। আফগানিস্তানের বিপক্ষে গেল বছর ইনিংসের প্রথম বলেই সাদিকুল্লাহ অটলকে আউট করেন নাসুম। এর আগের রেকর্ডটা তানজিম সাকিবের, ২০২৪ বিশ্বকাপে রেজা হেনড্রিকসকে আউট করেন তিনি।

টি-টোয়েন্টিতে ইনিংসের প্রথম বলে দুইবার উইকেট নেওয়ার কীর্তি বাংলাদেশের দুই পেসারের। ২০১৪ সালে মিরপুরে আফগানদের বিপক্ষে ইনিংসের প্রথম বলেই বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিয়েছিলেন মাশরাফি বিন মুর্তাজা। আহমেদ শেহজাদের উইকেট শিকার করেছেন সাবেক অধিনায়ক। এরপর ২০১৭ সালেও প্রথম বলে লুক রঙ্কিংকে আউট করেন মাশরাফি।
প্রথম বলেই উইকেট তোলার কীর্তি দুইবার গড়েছেন মাশরাফির প্রিয় শিষ্য তাসকিন আহমেদ। ২০২২ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম বলেই বিক্রমজিত সিংকে আউট করেন তাসকিন। বিশ্বকাপে বাংলাদেশের হয়ে এই রেকর্ডের একমাত্র মালিক এখনো তাসকিন। ২০২৩ সালে আইরিশদের বিপক্ষেও প্রথম বলেও উইকেট নিয়েছিলেন তিনি।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে প্রথম বলে উইকেট নেওয়া বাকি বোলাররা হলেন মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী ও মোসাদ্দেক হোসেন। এই তিন বোলার যথাক্রমে আফগানিস্তান, অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংসের প্রথম বলেই উইকেট শিকার করেছিলেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৮৭ ক্রিকেটার ২৩০ বার ইনিংসের প্রথম বলেই উইকেট শিকার করেছেন। এর মধ্যে রুয়ান্ডার জ্যাপি বিয়মেনিয়ানা একাই ৪ বার এই র্কীতি গড়েছেন। এছাড়া তিনবার ইনিংসের প্রথম বলেই উইকেট নিয়েছেন বিশ্বের ৯ বোলার।
ইনিংসের প্রথম বলেই তিনবার উইকেট নেওয়া বোলাররা হলেন- নুয়ান কুলাসাকারা, শাপুর জাদরান, টিম সাউথি, ভুবেনেশ্বর কুমার, কারান কে সি, জুনায়েদ খান, মার্ক অ্যাডায়ার, ট্রাম্পেলম্যান, জুনায়েদ সিদ্দিক, আলি দাউদ, আয়ুশ শুক্লা ও রিচার্ড এনগারাভা।
এমআই