Advertisement
Us Bangla Airlines
‘আসিফ নজরুল খাঁড়ার ওপর মিথ্যা কথা বলেছেন’

‘আসিফ নজরুল খাঁড়ার ওপর মিথ্যা কথা বলেছেন’

খেলা ডেস্ক

২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৯

টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে থামছে না বিতর্ক। বাংলাদেশের অংশ না নেওয়া নিয়ে চলছে নানান গুঞ্জন। এবার সরাসরি বিস্ফোরক অভিযোগ তুললেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তার দাবি, সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিশ্বকাপ ইস্যুতে সংবাদমাধ্যমে ‘খাঁড়ার ওপর মিথ্যা কথা বলেছেন’।

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানানোকে ঘিরে শুরু থেকেই তৈরি হয় ধোঁয়াশা। বিশ্বকাপের আগে আসিফ নজরুল বলেছিলেন, বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত ছিল সরকারের। পরে আবার তিনি জানান, এটি সরকারের নয়, বরং বিসিবি ও ক্রিকেটারদের সিদ্ধান্ত।

এই বক্তব্য বদলেই ক্ষোভে ফুঁসছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন। শুক্রবার মিরপুরে সংবাদমাধ্যমের সামনে বিষয়টি নিয়ে ক্ষোভ ঝেড়েছেন।

সালাউদ্দিন বলেন, ‘উনি খাঁড়ার ওপর এরকম মিথ্যা কথা বলবে আমি ভাবতেও পারছি না। আমি কিভাবে ছেলেদের সামনে মুখ দেখাবো? উনি একজন শিক্ষক মানুষ, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক এভাবে মিথ্যা বলবে—আমরা এটা মানতে পারছি না।’

তার কণ্ঠে ছিল আক্ষেপের মিশেল। তিনি আরও বলেন, ‘আমার দুইটা খেলোয়াড় কোমায় চলে গিয়েছিল। পাঁচ দিন কোথায় যেন হারিয়ে গিয়েছিল তারা। আমরা তাদের (অদম্য কাপ) টুর্নামেন্টে মাঠে ফিরিয়ে আনতে পেরেছি—এটাই বড় সাফল্য। একটা দলকে আপনি এক সেকেন্ডে নষ্ট করে দিয়েছেন।’

গত ১০ ফেব্রুয়ারি আসিফ নজরুল গণমাধ্যমে বলেছিলেন, ‘সিদ্ধান্ত নিয়েছে বিসিবি ও খেলোয়াড়েরা। তারা দেশের ক্রিকেট ও মানুষের নিরাপত্তার জন্য স্যাক্রিফাইস করেছে।’ এতে বিসিবি ও ক্রিকেটাররা তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না জানালেও এবার বেরিয়ে আসছে থলের বিড়াল। যদিও সমালোচনার মুখে পরে নিজের বক্তব্য থেকে সরে আসেন আসিফ নজরুল।

এমআই