অফফর্মের দায় স্বীকার, তবুও কেন চিন্তিত নন মিরাজ
খেলা ডেস্ক
১০ মার্চ ২০২৬, ১৬:৪৫
প্রত্যাশার তুলনায় সাম্প্রতিক পারফরম্যান্স খুব উজ্জ্বল নয়, এ কথা নিজেই স্বীকার করলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তবে এই পরিসংখ্যান তাকে খুব একটা দুশ্চিন্তায় ফেলছে না। বরং দ্রুতই জেতানো পারফরম্যান্সে ফিরবেন বলে আশাবাদী এই অলরাউন্ডার।
অধিনায়ক হিসেবে শুরুটা মন্দ ছিল না মিরাজের। নেতৃত্বের প্রথম চার ইনিংসেই করেছিলেন তিনটি অর্ধশতক। কিন্তু সেই ধারাবাহিকতা পরে আর ধরে রাখতে পারেননি। গত বছর ১১টি ওয়ানডে খেলেও তার ব্যাট থেকে এসেছে মাত্র একটি ফিফটি। এই সময়ে ব্যাটিং গড় ছিল ১৯.১০, স্ট্রাইক রেট ৭১.৮০।
বোলিংয়েও খুব উজ্জ্বল নন তিনি। ১১ ম্যাচে শিকার করেছেন ১১ উইকেট, গড় ৪১.০৯। একজন অলরাউন্ডারের জন্য যা খুব একটা স্বস্তিদায়ক পরিসংখ্যান নয়।
স্বাভাবিকভাবেই পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠছে নিয়মিতই। অধিনায়কত্ব না থাকলে এমন পরিসংখ্যানের পর দলে জায়গা নিয়েও প্রশ্ন উঠতে পারত, এমন মন্তব্যও শোনা যাচ্ছে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনেও সেই প্রসঙ্গের মুখোমুখি হতে হয় মিরাজকে।
তবে হাসিমুখেই তিনি জানালেন, নিজের পারফরম্যান্স নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন। মিরাজ বলেন, ‘আমি চিন্তিত নই। দেখুন, বিশ্বকাপের পর আমরা খুব বেশি ওয়ানডে খেলিনি। প্রায় ১৫টার মতো ম্যাচ খেলেছি, তাও অনেক বিরতি দিয়ে।’
তিনি আরও বলেন, ‘আমার কাছে মানুষের প্রত্যাশা থাকে যে আমি অনেক ম্যাচ জেতাব। হয়তো সেই প্রত্যাশার পুরোটা পূরণ হচ্ছে না, গড়পড়তা হচ্ছে। তবে অবশ্যই চেষ্টা করব দলকে ম্যাচ জেতাতে। সবসময় চেষ্টা করি দলের জন্য যতটা সম্ভব ভালো খেলতে এবং দলকে জেতাতে। অবশ্যই দলের ফলাফলই প্রথম অগ্রাধিকার।’
একই সঙ্গে নিজের অলরাউন্ডার ভূমিকাও স্মরণ করিয়ে দিলেন তিনি। মিরাজ বলেন, ‘দিনশেষে আমার পারফরম্যান্সও গুরুত্বপূর্ণ। ব্যাটিং-বোলিং দুইটাই আমার জন্য গুরুত্বপূর্ণ। আমি যে জায়গায় ব্যাটিং করি এবং যেভাবে বোলিং করি, সেটা দলের জন্য অনেক কাজে লাগে। আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব, যাতে দলকে ভালো জায়গায় নিতে পারি।’
এমআই