Advertisement
Us Bangla Airlines
তানজিদকে টেস্টে দেখতে চান ইমরুল কায়েস

তানজিদকে টেস্টে দেখতে চান ইমরুল কায়েস

খেলা ডেস্ক

১৫ মার্চ ২০২৬, ২২:২৭

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। তার এই দাপুটে ইনিংসের পর প্রশংসায় ভাসালেন জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস। এমনকি তানজিদকে টেস্ট ক্রিকেটেও দেখতে চান বলে জানিয়েছেন তিনি।

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান পাকিস্তান অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে আসে ১০৫ রান।

এই ম্যাচেই নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান তানজিদ। আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ৪৭ বলে ফিফটি করেন তিনি। এরপর আরও ৪৯ বল খেলে পৌঁছে যান তিন অঙ্কে। সবমিলিয়ে ৯৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন এই বাঁহাতি ওপেনার।

শেষ পর্যন্ত তার ব্যাট থেকে আসে ১০৭ বলে ১০৭ রান। ইনিংসটিতে ছিল ৬টি চার ও ৭টি ছক্কা। তানজিদের এই ইনিংস মুগ্ধ করেছে অনেক সাবেক ক্রিকেটারকেই। তাদের একজন ইমরুল কায়েস।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘তানজিদ হাসান তামিম একজন অসাধারণ ক্রিকেটার। আমি নিশ্চিত, সে অনেক বাংলাদেশি ব্যাটসম্যানের রেকর্ড ভেঙে ফেলবে। আমার মনে হয় সে টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত। আশা করি নির্বাচকরাও বিষয়টি বিবেচনা করবেন।’

তরুণ এই ওপেনারের ধারাবাহিক উন্নতি এবং বড় ইনিংস খেলার সক্ষমতা ইতোমধ্যেই নজর কাড়ছে ক্রিকেট অঙ্গনে। ইমরুলের মতো সাবেকদের এমন সমর্থন ভবিষ্যতে লাল বলের ক্রিকেটেও তানজিদের সুযোগের সম্ভাবনাকে আরও জোরালো করে তুলছে।

এমআই