ফের সিংহাসন ফিরে পেলেন রাজা
খেলা ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৫
টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে উঠলেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। পাকিস্তানের সাইম আইয়ুবকে পেছনে ফেলে তিনি পুনরুদ্ধার করেছেন এক নম্বরের আসন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে প্রকাশিত পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সবশেষ দুই ম্যাচের পারফরম্যান্সেই পাল্টে গেছে হিসাব। ২৯৪ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে শীর্ষে উঠেছেন রাজা। দুইয়ে নেমে যাওয়া সাইমের সংগ্রহ ২৮১ পয়েন্ট। এই দুই ক্রিকেটারের মধ্যে শীর্ষস্থান দখলের লড়াই চলছে বেশ কিছুদিন ধরে।
প্রথমবার সাইমকে সরিয়েই এক নম্বরে উঠেছিলেন রাজা। বিশ্বকাপের আগে আবার শীর্ষে ফেরেন সাইম। গত ১১ ফেব্রুয়ারি সিংহাসন উদ্ধার করেন সিকান্দার রাজা। পরবর্তী সপ্তাহেই আবার শীর্ষস্থানে ফিরেন সাইম আইয়ুব। এরপর আরেক দফা পরিবর্তন দেখা গেল। সর্বশেষ হালনাগাদে রাজাই আবার ফিরলেন সিংহাসনে।
গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পথে ৪৫ রান করেন রাজা। সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৭ রান এলেও উইকেটের দেখা পাননি। তবু সামগ্রিক পারফরম্যান্সেই র্যাঙ্কিংয়ে এগিয়ে গেছেন তিনি। অলরাউন্ডারদের পাশাপাশি ব্যাটসম্যানদের তালিকাতেও উন্নতি হয়েছে রাজার। তিন ধাপ এগিয়ে যৌথভাবে ৫৯তম স্থানে আছেন তিনি।
টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ভারতের আভিশেক শার্মা। দুই নম্বরে ইংল্যান্ডের ফিল সল্ট। দুই ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা তিন নম্বরে উঠেছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান। তিন ধাপ এগিয়ে পাঁচ নম্বরে ভারতের ইশান কিষান। ১০ ধাপ উন্নতিতে নবম স্থানে দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিস।
বোলারদের তালিকায় শীর্ষ দুইয়ে পরিবর্তন নেই। আগের মতোই এক নম্বরে ভারতের ভারুন চক্রবর্তী এবং দুইয়ে আফগানিস্তানের রাশিদ খান। বড় লাফ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার কর্বিন বশ। ২১ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা তিনে। দুই ধাপ উন্নতিতে ষষ্ঠ স্থানে অস্ট্রেলিয়ার অ্যাডাম জ্যাম্পা। ২৩ ধাপ এগিয়ে তার পরেই ওয়েস্ট ইন্ডিজের ম্যাথু ফোর্ড।
এমআই