বাংলাদেশে আসার আগে দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড
খেলা ডেস্ক
১৬ মার্চ ২০২৬, ১৯:১৫
তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী এপ্রিলে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। মিরপুরের জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ওয়ানডে ও চট্টগ্রামে মতিউর রহমান স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে কিউইরা। তবে সফরের আগে নতুন দুঃসংবাদ পাচ্ছে নিউজিল্যান্ড। দলটির অভিজ্ঞ লেগ স্পিনার ইশ সোধি থাকতে পারেন খেলার বাইরে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রোববার প্রথম ম্যাচের আগে অনুশীলনের সময় বৃদ্ধাঙ্গুলে চোট পান সোধি। স্ক্যানে তার হাড়ে চিড় ধরা পড়ে, যার ফলে সুস্থ হতে তাকে প্রায় চার সপ্তাহ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। ইনজুরির কারণে প্রথম ম্যাচও খেলতে পারেননি তিনি। এবার পুরো সিরিজের বাকি অংশ থেকেও সোধি ছিটকে পড়েছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের তিনটি ম্যাচে তাকে একাদশে রেখেছিল নিউজিল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে বাতিল হওয়ার কারণে সুযোগ পাননি, আর শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে দুটি করে ওভার বল করার পরও কোনো উইকেট নিতে পারেননি। এবার প্রোটিয়া সিরিজে নিয়মিত খেলার সম্ভবনা ছিল তার।
এদিকে সোধি ইনজুরিতে পড়ায় তার বদলি হিসেবে নতুন কোনো স্পিনার দলে নেয়া হয়নি। মিচেল স্যান্টনার ও কোল ম্যাকনকির ওপরই ভরসা রাখছে কিউইরা। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে দলের সঙ্গে যোগ দেবেন পেসার লকি ফার্গুসন।
এছাড়া প্রথম ম্যাচে ৯১ রান করা ব্যাটসম্যান বেভন জ্যাকবস হাঁটুর চোটের কারণে পরের ম্যাচ থেকে ছিটকে গেছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে সিরিজের শেষ দুই ম্যাচের জন্য আগেভাগে দলে ডেকে আনা হয়েছে কাটেন ক্লার্ককে। শেষ দুই ম্যাচে দলে যোগ দেবেন উইকেটরক্ষক ডেন ক্লেভার, বাঁহাতি স্পিনার জেডেন লেনক্স এবং অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যান টম ল্যাথাম।
নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিতে ৯১ রানে হেরে সিরিজে পিছিয়ে গেছে। সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে মঙ্গলবার, হ্যামিল্টনে। এই সফরের আগে দলের এমন চোটের খবর অবশ্যই কিউই ক্রিকেটারদের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এমআই