Advertisement
Us Bangla Airlines
মেইডেন সেঞ্চুরির দিনে ছক্কার রেকর্ড গড়লেন তানজিদ

মেইডেন সেঞ্চুরির দিনে ছক্কার রেকর্ড গড়লেন তানজিদ

খেলা ডেস্ক

১৫ মার্চ ২০২৬, ২১:৩৭

অবশেষে এলো সেই প্রতীক্ষিত মুহূর্ত। আন্তর্জাতিক ক্যারিয়ারের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথম সেঞ্চুরির স্বাদ পেলেন বাংলাদেশের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। ১৬ ফিফটি হাঁকানোর পর এবার ১৭তম পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার দিনে পেলেন শতকের দেখা। আর সেই মেইডেন শতরানের দিনেই গড়লেন ছক্কার নতুন রেকর্ড।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে তানজিদের ব্যাটে আসে ১০৭ বলে ১০৭ রানের দারুণ ইনিংস। ইনিংসটিতে তিনি হাঁকিয়েছেন ৬টি চার ও ৭টি ছক্কা। তার এই সাত ছক্কাই গড়ে দিয়েছে নতুন রেকর্ড। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটারের এক ইনিংসে এটি সর্বোচ্চ ছক্কার কীর্তি। এমনকি মিরপুরেও সর্বোচ্চ ছক্কার রেকর্ড।

আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় আড়াই বছরের ক্যারিয়ারে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৭৫ ম্যাচ খেলেছেন তানজিদ। এর আগে ১৬ বার পঞ্চাশ ছুঁলেও কখনোই পৌঁছাতে পারেননি তিন অঙ্কে। অবশেষে সেই আক্ষেপ ঘুচল মিরপুরে। শতরানের মুহূর্তটি উদযাপনও করলেন নিজের মতো করেই। সিজদা দিয়ে করেছেন কৃতজ্ঞতা পালন।

পাওয়ার প্লেতে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়লেন তানজিদ তামিম

ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ঝলসে ওঠেন তানজিদ। ইনিংসের দ্বিতীয় ওভারেই হারিস রউফকে চার ও ছক্কা মেরে জানান দেন নিজের আগ্রাসী মেজাজের কথা। পরে একই বোলারকে চোখধাঁধানো আপার কাটে উড়িয়ে মারেন আরেকটি ছক্কা। ৪৭ বলে তুলে নেন নিজের ফিফটি।

তার ব্যাটিংয়ে ভর করেই ওপেনিং জুটিতে গুরুত্বপূর্ণ রান আসে। সাইফ হাসানের সঙ্গে শতরানের জুটি গড়ে তোলেন তিনি। পরে নাজমুল হোসেন শান্তর সঙ্গে দ্বিতীয় উইকেটে গড়েন অর্ধশত রানের জুটি। ৯৪ রানে দাঁড়িয়ে সালমান আলি আগার বল লং-অফের ওপর দিয়ে ছক্কা মেরে পৌঁছে যান কাঙ্ক্ষিত শতকে।

তবে সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি। আবরার আহমেদের বলে আলগা শটে আউট হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। তবু এই ইনিংসের গুরুত্ব অনেক বড়। প্রায় ২৭ মাস ও ২৩ ম্যাচ পর ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের কোনো ওপেনারের ব্যাটে এল সেঞ্চুরি। এর আগে সবশেষ ২০২৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬৯ রান করেছিলেন সৌম্য সরকার।

এমআই