Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশ দলে বড় চমক, নেই হামজা চৌধুরী

বাংলাদেশ দলে বড় চমক, নেই হামজা চৌধুরী

খেলা ডেস্ক

১৫ মার্চ ২০২৬, ২০:২৮

এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে জাতীয় ফুটবল দলের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ হাভিয়ের ক্যাবরেরা। ২৮ সদস্যের এই তালিকায় নেই প্রবাসী ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী। ইংল্যান্ডে জন্ম নেওয়া এই মিডফিল্ডার নিজের ক্লাব ব্যস্ততায় থাকছেন না ক্যাবরেরার ঘোষিত ক্যাম্পে।

আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচকে সামনে রেখে কোচ প্রথমে একটি প্রাথমিক তালিকা করেছিলেন। তবে বিভিন্ন কারণে অনেক ফুটবলার ক্যাম্পে যোগ দিতে না পারায় শেষ পর্যন্ত নতুন করে ২৮ জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

দলে না থাকলেও হামজা চৌধুরী বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন ভিয়েতনামে। বাংলাদেশ দল সিঙ্গাপুরে যাওয়ার আগে ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। ওই ম্যাচকে সামনে রেখে ২১ মার্চ ঢাকা ছাড়বে বাংলাদেশ দল, আর হামজা সরাসরি ২২ মার্চ ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন।

এদিকে এক সময় জাতীয় দলের গোলপোস্টের নিচে নিয়মিত থাকা গোলরক্ষক আনিসুর রহমান জিকোও এই দলে জায়গা পাননি। ২০২৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক নির্বাচিত হওয়া জিকো চলতি মৌসুমে বসুন্ধরা কিংসের হয়ে ভালো খেললেও কোচের আস্থার তালিকায় জায়গা করে নিতে পারেননি।

জিকোর অনুপস্থিতিতে আবাহনীর গোলরক্ষক মিতুল মারমা আবারও জাতীয় দলের পোস্ট সামলানোর দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে ইনজুরি কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন নির্ভরযোগ্য ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। প্রাথমিক তালিকায় থাকলেও শেষ পর্যন্ত একাদশে জায়গা করে নিতে পারেন কি না, সেটিই এখন দেখার বিষয়।

ক্যাম্পে ডাক পাওয়া ২৮ ফুটবলার

মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, ইশাক আকন্দ, তারিক কাজি, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, আব্দুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, মঞ্জুরুর রহমান, ইসা ফয়সাল, শাহ কাজেম কিরমানি, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মো. সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শামিত সোম, আরমান ফয়সাল আকাশ, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামিদুল ইসলাম, মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম ও সুমন রেজা।

এমআই