দ্য হান্ড্রেডে দল পাওয়ার পরদিনই বাদ আবরার
খেলা ডেস্ক
১৩ মার্চ ২০২৬, ১৬:৪২
ইংল্যান্ডের একশো বলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের নিলামে দল পাওয়ার পরই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন পাকিস্তানের লেগস্পিনার আবরার আহমেদ। বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডের একাদশ থেকে তাকে বাদ দিয়েছে দল।
মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৮ উইকেটে হারায় পাকিস্তান। ওই ম্যাচে তিন ওভার বল করে ২৫ রান খরচ করেছিলেন আবরার, তবে কোনো উইকেট পাননি। অধিনায়ক শাহিন আফ্রিদি টসের সময় জানিয়েছেন, আবরারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন পেসার হারিস রউফ।
হান্ড্রেডের নিলামে বৃহস্পতিবার আবরারকে দলে ভিড়িয়েছে ভারতভিত্তিক ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স লিডস। আইপিএল মালিকানাধীন এই দল তার জন্য ১ লাখ ৯০ হাজার পাউন্ড খরচ করেছে। একই গ্রুপ আইপিএলের সানরাইজার্স হায়দ্রাবাদ ও দক্ষিণ আফ্রিকার সানরাইজার্স ইস্টার্ন কেপ দলেরও মালিক।
২০০৯ সালের পর থেকে আইপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের অংশগ্রহণ বন্ধ। এরপর আইপিএল মালিকানাধীন বিশ্বের অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিতেও পাকিস্তানি ক্রিকেটারের দেখা যায়নি। তাই আবরারের দলে অন্তর্ভুক্তি বিরল ও ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতে এই সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। এমনকি সানরাইজার্স লিডসের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত হয়েছে।
দলে আবরারের সুযোগ নেওয়ার কারণও জানিয়েছেন লিডসের কোচ ড্যানিয়েল ভেট্টোরি। তিনি বলেছেন, নিয়মিত স্পিনার আদিল রশিদ না পাওয়ায় একজন মানসম্পন্ন বিদেশি স্পিনার খুঁজছিলেন তারা। আবরারের বৈচিত্র্যপূর্ণ বোলিং এবং মিডল ওভারে উইকেট নেওয়ার ক্ষমতার কারণে তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এমআই