Advertisement
Us Bangla Airlines
ম্যাচসেরা হওয়ার দিনে নতুন রেকর্ড গড়লেন নাহিদ রানা

ম্যাচসেরা হওয়ার দিনে নতুন রেকর্ড গড়লেন নাহিদ রানা

খেলা ডেস্ক

১১ মার্চ ২০২৬, ২১:১৩

মিরপুরে আগুনঝরা এক স্পেলে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিলেন নাহিদ রানা। দুর্দান্ত বোলিংয়ে প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে মাত্র ১১৪ রানে অলআউট করে দেওয়ার পথে নতুন এক রেকর্ডও গড়ে ফেললেন এই তরুণ পেসার। ২৪ রানে ৫ উইকেট নিয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সেরা বোলিংয়ের কীর্তি এখন তার দখলে।

শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নাহিদের গতি ও ধারাল লাইন-লেন্থের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তানের ব্যাটাররা। তার পেস আক্রমণে ভেঙে পড়ে পুরো ইনিংস। শেষ পর্যন্ত ১১৪ রানে থামে পাকিস্তান, ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে যা তাদের সর্বনিম্ন স্কোর। সব দেশ মিলিয়েও এটি পাকিস্তানের অষ্টম সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

এই ম্যাচে ৫ উইকেট শিকার করে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন নাহিদ রানা। এতদিন সেই কীর্তি ছিল মোস্তাফিজুর রহমানের দখলে। ২০১৯ সালের বিশ্বকাপে লর্ডসে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটে ৭৫ রান দিয়েছিলেন মোস্তাফিজুর।

শুধু তাই নয়, নাহিদের এই পারফরম্যান্স ওয়ানডেতে বাংলাদেশের ইতিহাসে পঞ্চম সেরা বোলিং হিসেবেও জায়গা করে নিয়েছে। এই তালিকার শীর্ষে আছেন মাশরাফি বিন মুর্তজা। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে তিনি নিয়েছিলেন ৬ উইকেট ২৬ রান। রিভিউ নিয়ে আরেকটি উইকেট পেলে মাশরাফিকে ছাড়িয়ে যেতে পারতেন নাহিদ।

ব্যক্তিগত ক্যারিয়ারেও এটি নাহিদ রানার সেরা বোলিং। মাত্র ছয় ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এর আগে তার সেরা ছিল ২ উইকেট ৪০ রান, যা তিনি নিয়েছিলেন ২০২৪ সালে শারজায় আফগানিস্তানের বিপক্ষে। এর আগে ৫ ম্যাচে ৫ উইকেট নেওয়া নাহিদ আজ এক ম্যাচেই নিয়েছেন আরও ৫ উইকেট।

সব মিলিয়ে মিরপুরের এই ম্যাচ নাহিদ রানার জন্য হয়ে থাকল স্মরণীয় এক দিন। ম্যাচসেরা পারফরম্যান্স, নতুন রেকর্ড আর বাংলাদেশের দুর্দান্ত জয়ের গল্পে তার নাম থাকবে উজ্জ্বল অক্ষরে। পাকিস্তানকে পেলেই নাহিদের জ্বলে অব্যাহত থাকবে তো বাকি ম্যাচগুলোতে? উত্তরটা কেবল সময়ের অপেক্ষা।

এমআই