Advertisement
Us Bangla Airlines
৯৭৮১ দিন পর এমন দিন দেখল পাকিস্তান

৯৭৮১ দিন পর এমন দিন দেখল পাকিস্তান

খেলা ডেস্ক

১১ মার্চ ২০২৬, ১৬:৫৫

আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে টেস্টে দারুণ পারফর্ম করে আলোচনায় এসেছিলেন নাহিদ রানা। গতিতে নজর কাড়া এই পেসার পর্যায়ক্রমে জাতীয় দলের তিন ফরম্যাটেই খেলেছেন। তবে সুখটা বেশি দিন টিকেনি, বাজে ফর্মে দল থেকে বাদ পড়েন নাহিদ। তবে সম্প্রতি এনসিএলে দারুণ পারফর্ম করে পুনরায় ওয়ানডে দলে ফিরেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচে নামার আগে ৫ ম্যাচে ৫ উইকেট শিকার করেছিলেন এই গতিদানব। তবে ষষ্ঠ ওয়ানডেতে গতির ঝড়েই প্রতিপক্ষকে নাস্তানাবুদ করেছেন নাহিদ। পাকিস্তানের বিপক্ষে একাই ৫ উইকেট শিকার করেছেন এই পেসার। নাহিদের আগুন বোলিং আর মিরাজের স্পিন বিষে মাত্র ১১৪ রানে অলআউট হয়েছে পাকিস্তান।

ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে এর আগে এত কম রানে আউট হয়নি সফরকারীরা। সবশেষ ১৯৯৯ সালের ৩১ মে ১৬১ রানে থেমেছিল পাকিস্তানের ইনিংস। সময়ের হিসাবে, ২৬ বছর ৯ মাস বা ৯৭৮১ দিন পর বাংলাদেশের বিপক্ষে এত কম রানে আউট হয়েছে পাকিস্তান।

মিরপুরে সফরকারীদের শুরুটা ভালোই হয়েছিল। টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে ৪১ রানের জুটি গড়েছিল দুই অভিষিক্ত ওপেনার শাহিবজাদা ও সাদাকাত। এরপরই শুরু হয় নাহিদের গতির ঝড়। ডানহাতি এই পেসার টানা ৫ উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ব্যাটিং অর্ডার দুমড়েমুচড়ে দিয়েছেন।

নাহিদের ঝড়ের পর পাকিস্তান শিবিরে আঘাত হেনেছে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টানা তিন উইকেট নিয়ে মিরাজ ইনিংসটা শেষের পথে পৌঁছে দিয়েছিলেন। পরে তাসকিন আরেকটি উইকেট শিকার করলে ৮২ রানে ৯ উইকেট হারায় পাকিস্তান। তাতে শতরানের আগেই অলআউটের শঙ্কায় পড়ে দেশটি।

শঙ্কার কালো মেঘে আলো সঞ্চার করেন পাক অলরাউন্ডার ফাহিম আশরাফ। নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে দলীয় শতরান পার করান তিনি। এরপর মোস্তাফিজের বলে মিডউইকেটে ক্যাচ দিয়ে দশম উইকেট হারায় সফরকারীরা। তাতে ১১৪ রানেই অলআউট হয় পাকিস্তান। ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে এটাই পাকিস্তানের সর্বনিম্ন ইনিংস।

এমআই