Advertisement
Us Bangla Airlines
ভারতীয় ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি

ভারতীয় ক্রিকেটারকে শাস্তি দিল আইসিসি

খেলা ডেস্ক

১০ মার্চ ২০২৬, ১৭:২৪

আচরণবিধি ভঙ্গের অভিযোগে শাস্তি পেয়েছেন ভারতের পেসার আর্শদীপ সিং। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে লেভেল–১ অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় তার ম্যাচ ফি-এর ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খেলোয়াড় ও খেলোয়াড় সহায়ক কর্মীদের জন্য নির্ধারিত আচরণবিধির ২.৯ ধারা ভঙ্গ করেছেন আর্শদীপ। এই ধারায় ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড়ের দিকে বা তার কাছাকাছি অনুপযুক্ত কিংবা বিপজ্জনকভাবে বল বা ক্রিকেট সরঞ্জাম ছুড়ে মারা অপরাধ হিসেবে গণ্য হয়।

ঘটনাটি ঘটে নিউজিল্যান্ডের ইনিংসের ১১তম ওভারে। নিজের ফলো-থ্রুতে বল থামানোর পর আর্শদীপ সেটি জোরে ছুড়ে মারেন, যা গিয়ে লাগে ব্যাটার ড্যারিল মিচেলের প্যাডে। মাঠে তাৎক্ষনিক প্রতিবাদ জানান মিচেল। পরে বিষয়টি আম্পায়ারদের নজরে এলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট আর্শদীপকে শাস্তির প্রস্তাব দেন। আর্শদীপ সেই শাস্তি মেনে নেওয়ায় এ নিয়ে আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। এই ঘটনার কারণে তার শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে। গত ২৪ মাসে এটিই আর্শদীপের প্রথম অপরাধ।

এমআই