আইসিসির মাস সেরা হলেন বাংলাদেশি ক্রিকেটার
খেলা ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪০
আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্লোবাল কোয়ালিফায়ারে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন বাংলাদেশের সোবহানা মোস্তারি। ২০২৬ সালের জানুয়ারি মাসের আইসিসির সেরা নারী খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। সোবহানা আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইস এবং আমেরিকার বাঁহাতি পেসার টারা নরিসকে হারিয়ে এই স্বীকৃতি জিতেছেন।
গত মাসে গ্লোবাল কোয়ালিফায়ারে প্রথম ছয় ম্যাচে সোবহানা ৪৫.৮০৮ গড় এবং ১৪৫.৮৪৫ স্ট্রাইক রেটে ২২৯ রান করেছিলেন। বাংলাদেশের অপরাজিত থাকার পথে তার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৩ সালের নভেম্বরে নাহিদা আক্তার প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতেছিলেন, এবার তার সঙ্গে যুক্ত হলেন সোবহানা।
থাইল্যান্ডের বিপক্ষে ৩৯ রানে জয় এনে বাংলাদেশ জুন-জুলাইয়ের বিশ্বকাপে খেলার যোগ্যতা নিশ্চিত করে। ওই ম্যাচে সোবহানা ৫৯ রান করে টুর্নামেন্টে নিজের সেরা ইনিংস খেলেন এবং ম্যাচসেরা হন। পরে স্কটল্যান্ডের বিপক্ষে ৪৭ রানের ইনিংসও খেলেন তিনি।
পুরুষ বিভাগে জানুয়ারির সেরা খেলোয়াড় হয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার ড্যারিল মিচেল। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুইটি সেঞ্চুরি করে নিউজিল্যান্ডকে পিছিয়ে থাকা অবস্থায় ২-১ ব্যবধানে জয় এনে দিয়েছেন তিনি। দ্বিতীয় ওয়ানডেতে ১৩১ এবং পরের ম্যাচে ১৩৭ রান করেন মিচেল।
তিন ম্যাচে ৩৫২ রানের গড় ১৭৬ করে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন এবং ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও দখল করেছেন।
এমআই