বুলবুলের দেশে ফেরার সময় জানা গেল
খেলা ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৫
বাংলাদেশ ক্রিকেটে এই মুহূর্তে আন্তর্জাতিক সূচি ফাঁকা। সেই সুযোগে গত ১৬ ফেব্রুয়ারি ছুটি কাটাতে পরিবারের কাছে অস্ট্রেলিয়ায় গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বর্তমানে তিনি নিজ পরিবারের সাথে মেলবোর্নে অবস্থান করছেন।
নির্বাচনের পরপর বুলবুলের অস্ট্রেলিয়ায় চলে যাওয়া নিয়ে উঠেছে নানান গুঞ্জন। তবে তিনি কবে দেশে ফিরবেন এ নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে এ বিষয়ে আভাস পাওয়া গেছে। বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, ঈদের পর দেশে ফেরার কথা রয়েছে বুলবুলের।
শুক্রবার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসজেএ’র ইফতার অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক বলেন, ‘বুলবুলের পদত্যাগ করার বিষয়ে আমার কিছু জানা নেই, এই ব্যাপারে আমি কিছু জানি না। তবে আমি যতটুকু জানি, উনি হয়তো ঈদের পরে দেশে আসবেন।’
ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বিসিবির বৈঠক প্রসঙ্গে ফারুক বলেন, ‘৫২টি ফেডারেশনের উপস্থিতিতে হওয়া সেই বৈঠকে ক্রিকেট নিয়ে আলাদা করে কোনো আলোচনা হয়নি। উনি একটা গাইডলাইন দিয়েছেন, বেতন কাঠামোতে আনতে চান। শেষ এক বছরে কী হয়েছে, এগুলো জানতে চেয়েছেন।’
এমআই