বিপিএলের বাকি ১০ ম্যাচ ঢাকায়, খেলা কখন-কোথায়?
খেলা ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৬, ১৭:৪৭
বিপিএলে সিলেট পর্বের পর্দা নেমেছে সোমবার রাতেই। এবার বিপিএলের রোমাঞ্চ ফিরছে ঢাকায়। শুরুতে তিন ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে চট্টগ্রাম পর্ব বাদ পড়ে। ফলে উদ্বোধনী ম্যাচ থেকে শুরু করে মোট ২৪টি ম্যাচই হয়েছে সিলেটে। টুর্নামেন্টের বাকি ১০ ম্যাচ আয়োজিত হবে ঢাকায়।
বিপিএলের প্লে-অফের ছবিটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। সিলেট পর্বের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে রাজশাহী ওয়ারিয়র্স জয় পাওয়ার পর নিশ্চিত হয়ে যায় তিন দলের প্লে-অফ টিকিট। ঢাকায় শুরু হতে যাওয়া শেষ পর্বে লিগের বাকি ম্যাচগুলোতে মূল লড়াই এখন কেবল একটি প্লে-অফ জায়গা ঘিরে।
ইতিমধ্যেই প্লে-অফ নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটানস। বাকি একটি পজিশনের জন্য লড়াই করবে রংপুর, ঢাকা ও নোয়াখালী। পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রাজশাহী, ৮ ম্যাচে ৬ জয়ে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে চট্টগ্রাম রয়্যালস।
লিগ পর্বে এখন আর বেশি ম্যাচ বাকি নেই। ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি—এই তিন দিনে রাউন্ড রবিন লিগের শেষ ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়। এরপর ১৯ জানুয়ারি শুরু হবে প্লে-অফ। ২৩ জানুয়ারি শিরোপা নির্ধারণী ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিপিএল।
বিপিএলের ঢাকা পর্বের সূচি
| তারিখ | ম্যাচ | সময় | ভেন্যু |
|---|---|---|---|
| ১৫ জানুয়ারি | চট্টগ্রাম রয়্যালস – নোয়াখালী এক্সপ্রেস | দুপুর ১টা | ঢাকা |
| ১৫ জানুয়ারি | রাজশাহী ওয়ারিয়র্স – সিলেট টাইটান্স | সন্ধ্যা ৬টা | ঢাকা |
| ১৬ জানুয়ারি | রংপুর রাইডার্স – ঢাকা ক্যাপিটালস | দুপুর ২টা | ঢাকা |
| ১৬ জানুয়ারি | চট্টগ্রাম রয়্যালস – রাজশাহী ওয়ারিয়র্স | সন্ধ্যা ৭টা | ঢাকা |
| ১৭ জানুয়ারি | রংপুর রাইডার্স – নোয়াখালী এক্সপ্রেস | দুপুর ১টা | ঢাকা |
| ১৭ জানুয়ারি | চট্টগ্রাম রয়্যালস – ঢাকা ক্যাপিটালস | সন্ধ্যা ৬টা | ঢাকা |
| ১৯ জানুয়ারি | এলিমিনেটর (৩য় বনাম ৪র্থ) | দুপুর ১টা | ঢাকা |
| ১৯ জানুয়ারি | কোয়ালিফায়ার–১ (১ম বনাম ২য়) | সন্ধ্যা ৬টা | ঢাকা |
| ২১ জানুয়ারি | কোয়ালিফায়ার–২ | সন্ধ্যা ৬টা | ঢাকা |
| ২৩ জানুয়ারি | ফাইনাল | সন্ধ্যা ৭টা | ঢাকা |
এমআই