নিউজিল্যান্ডকে দেখলেই যেন ভয় পেয়ে যান বুমরাহ!
খেলা ডেস্ক
০৭ মার্চ ২০২৬, ১২:৫৫
ভারতকে ফাইনালে তুলতে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে লড়াইটা ছিল রুদ্ধশ্বাস। জয়ের পথে অবদান ছিল অনেকেরই। খাতা-কলমে ম্যাচসেরা হয়েছেন ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলা সঞ্জু স্যামসন। তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রে ছিলেন ভারতের পেস আক্রমণের প্রধান অস্ত্র যশপ্রীত বুমরাহ।
স্যামসন নিজেই মনে করেন, ম্যাচসেরার পুরস্কারটি বুমরাহর প্রাপ্য ছিল। একই সুর শোনা গেছে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব এবং ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুকের কণ্ঠেও। মাঠের বাইরের ক্রিকেট বিশ্লেষকরাও বুমরাহর প্রশংসায় পঞ্চমুখ। ফাফ ডু প্লেসিও বুমরাকে ‘অতিমানবিক শক্তি’ তকমা দিয়েছেন।
ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ৭ রানের জয়ের পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটি আসে ইনিংসের ১৮তম ওভারে। সেই ওভারে বুমরাহ দেন মাত্র ৬ রান, আগের ওভারে দিয়েছেন ৮ রান। অনেকের মতে, সেখানেই ম্যাচের মোড় ঘুরে যায়। শেষ পর্যন্ত ইংল্যান্ড ২০ ওভারে তোলে ২৪৬ রান, আর বুমরাহ নিজের ৪ ওভারে খরচ করেন মাত্র ৩৩ রান।
এমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই ফাইনালেও তাঁর কাছ থেকে একই রকম জাদু দেখতে চাইবে ভারত। কিন্তু প্রতিপক্ষ যদি হয় নিউজিল্যান্ড, তাহলে পরিসংখ্যান একটু ভ্রূ কুঁচকে দেওয়ার মতোই। কিউইদের বিপক্ষে তিন ফরম্যাটের প্রতিটাতেই ছন্দহীন বুমরাহ। ব্লাকক্যাপসদের দেখলে ভয় পেয়ে যান কিনা!
টি-টোয়েন্টি সংস্করণে নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ১৪ ম্যাচ খেলেছেন বুমরাহ। উইকেট পেয়েছেন মাত্র ১৬টি। গড়ে প্রতি ২৩.৩৭ রান খরচে একটি উইকেট, ওভারপ্রতি রান দিয়েছেন ৭.০৫। অথচ টি–টোয়েন্টিতে তাঁর সামগ্রিক ক্যারিয়ার পরিসংখ্যান আরও উজ্জ্বল। ৯৪ ম্যাচে বোলিং গড় ১৮.৫৭ এবং ওভারপ্রতি রান ৬.৫৫।
ওয়ানডেতেও প্রায় একই চিত্র। নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩ ম্যাচে তাঁর উইকেট ১৫টি। বোলিং গড় ৩৯.২০, যা তাঁর সামগ্রিক ক্যারিয়ার গড়ের চেয়ে প্রায় ১৬ রান বেশি। ওয়ানডেতে অন্য কোনো দলের বিপক্ষে এত বেশি গড় নেই তাঁর। ইকোনমি রেটও তুলনামূলক বেশি ৪.৮৩, যেখানে তাঁর ক্যারিয়ার গড় ৪.৫৯।
টেস্ট ক্রিকেটেও কিউইদের বিপক্ষে বুমরাহর সাফল্য সীমিত। এখন পর্যন্ত ৫ টেস্টে পেয়েছেন মাত্র ৯ উইকেট, বোলিং গড় ৪৫.৪৪। অথচ টেস্টে তাঁর সামগ্রিক ক্যারিয়ার গড় মাত্র ১৯.৭৯। তিন সংস্করণ মিলিয়ে হিসাবটা পরিষ্কার, নিউজিল্যান্ডের বিপক্ষেই বুমরাহর বোলিং সাফল্য তাঁর সামগ্রিক মানের তুলনায় কম।
এবার সেই নিউজিল্যান্ডই ফাইনালে ভারতের প্রতিপক্ষ। কিউইদের টেক্কা দিতে বুমরাহকে প্রথাগত পরিসংখ্যান থেকে বেরিয়ে আসতেই হবে। তাতে শিরোপা জয়ের দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে যাবে ভারত।
এমআই