Advertisement
Us Bangla Airlines
‘মিরপুরের উইকেট নিয়ে এত প্রত্যাশা ছিল না’

‘মিরপুরের উইকেট নিয়ে এত প্রত্যাশা ছিল না’

খেলা ডেস্ক

১২ মার্চ ২০২৬, ২২:৪১

দীর্ঘদিন ধরে স্পিন সহায়ক উইকেটের জন্য আলোচিত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। তবে সাম্প্রতিক সময়ে সেই পরিচিত চিত্রে বদলের আভাস দেখছেন সাবেক নির্বাচক হাবিবুল বাশার। বিশেষ করে পেসারদের দাপট দেখে বেশ সন্তুষ্টই তিনি। পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতেই পেসাররাই নিয়েছেন সাত উইকেট।

মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা নতুন নয়। দীর্ঘ সময় এখানে কিউরেটরের দায়িত্বে ছিলেন শ্রীলঙ্কান গামিনি ডি সিলভা। অনেকের মতে, মিরপুরের ধীরগতির পিচের পেছনে বড় ভূমিকা ছিল তাঁর। সম্প্রতি সেই দায়িত্ব নিয়েছেন নতুন কিউরেটর টনি হেমিং, আর চলমান পাকিস্তান সিরিজের উইকেটও তৈরি হয়েছে তাঁর তত্ত্বাবধানে।

সিরিজের প্রথম ওয়ানডেতেই তার প্রভাব দেখা গেছে বলেই মনে করছেন বাশার। বরাবরের মতো স্পিননির্ভর ম্যাচের বদলে এবার পেসাররাই ছিলেন আলোচনায়। বিশেষ করে বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানার দারুণ বোলিং মুগ্ধ করেছে সাবেক এই অধিনায়ককে।

বৃহস্পতিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাশার বলেন, ‘দারুণ বোলার। নাহিদ উইকেট পেয়েছে, ভালো বল করেছে। আমাদের একজন পেসার ব্যাটারদের পেছনের পায়ে ঠেলে দিচ্ছে—এটা দেখতে পাওয়া ভীষণ আনন্দের। মৌসুমের প্রথম ম্যাচে দলের পারফরম্যান্স ছিল ইতিবাচক। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই ধারাবাহিকতা ধরে রাখা।’

মিরপুরের উইকেট প্রসঙ্গে বাশার বলেন, ‘এত প্রত্যাশা অবশ্যই ছিল না। মিরপুরের উইকেট নিয়ে তো অনেকেই অনেক কিছু বলে। কিন্তু এমন দিন খুব বেশি আসে না, যখন একজন পেসার এত দারুণ স্পেল করে ম্যাচের গতিপথ বদলে দেয়। এমন নয় পাকিস্তান খারাপ দল। তাদের নতুন খেলোয়াড় থাকলেও তার বেশ ভালো। ’

এমআই