বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন
খেলা ডেস্ক
১১ মার্চ ২০২৬, ১৯:৪৩
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বশেষ নির্বাচনে অনিয়ম, কারচুপি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ঘিরে শুরু হচ্ছে আনুষ্ঠানিক তদন্ত। অভিযোগগুলো খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্মসচিব মো. সোলায়মান খান স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, ২০২৫ সালের বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনে ওঠা বিভিন্ন অভিযোগ পর্যালোচনার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের সম্মতিতে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গঠিত কমিটির সভাপতি করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে। কমিটির অন্য সদস্যরা হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম ফকির, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক এ টি এম সাইদুজ্জামান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সালেহ আহমেদ।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, বিসিবি নির্বাচন ২০২৫-এ অনিয়ম, কারচুপি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিস্তারিতভাবে পর্যালোচনা করা হবে। এ জন্য প্রয়োজনীয় তথ্য, নথিপত্র সংগ্রহের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যও নেওয়া হবে।
একই সঙ্গে নির্বাচনী প্রক্রিয়া বিধিবিধান অনুযায়ী সম্পন্ন হয়েছে কি না তা যাচাই করবে তদন্ত কমিটি। ভবিষ্যতে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সুপারিশও করবে তারা। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, কমিটি গঠনের তারিখ থেকে ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।
এমআই