২০৯ বল হাতে রেখেই পাকিস্তানকে হারাল বাংলাদেশ
খেলা ডেস্ক
১১ মার্চ ২০২৬, ১৮:০৫
মিরপুরে পেসের আগুনে পুড়ল পাকিস্তান, আর ব্যাট হাতে তাণ্ডব চালালেন তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্ত। এমন দাপুটে পারফরম্যান্সে প্রথম ওয়ানডেতে ২০৯ বল হাতে রেখেই পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ। বলের পর ব্যাটিং ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে তিন ম্যাচ সিরিজে দুর্দান্ত সূচনা করেছে টাইগাররা।
বুধবার মিরপুরে টসে হেরে আগে ব্যাট করে সফরকারীরা। শুরুতে সতর্ক ব্যাটিংয়ে এগোচ্ছিল পাকিস্তানের দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও মাজ সাদাকাত। ১০ ওভারে তাদের জুটিতে আসে ৪১ রান। তবে দশম ওভারের শেষ বলেই প্রথম আঘাত হানেন নাহিদ রানা। ৩৮ বলে ২৭ রান করা ফারহানকে ফিরিয়ে ভাঙেন ওপেনিং জুটি।
এরপর যেন শুরু হয় রানার ঝড়। একে একে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন এই পেসার। তিন নম্বরে নামা শামিল হুসাইনকে ৭ বলে ৪ রানে ফেরানোর পর টিকে থাকা ওপেনার মাজ সাদাকাতকেও সাজঘরে পাঠান তিনি। ২৮ বলে ১৮ রান করে থামেন মাজ।

চতুর্থ উইকেট হিসেবে মোহাম্মদ রিজওয়ানও রানার শিকার হন। ২০ বলে ১০ রান করে বিদায় নেন তিনি। এরপর নিজের পরের ওভারেই ৮ বলে ৫ রান করা সালমান আলী আঘাকে ফিরিয়ে ফাইফারের পথে এগিয়ে যান রানা। মাত্র ৬৯ রানের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে পাকিস্তান।
এরপর উইকেটের মিছিলে যোগ দেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আবদুল সামাদকে শূন্য রানে ফেরানোর পর হুসাইন তালাতকে ১৩ বলে ৪ রানে সাজঘরে পাঠান তিনি। শাহীন শাহ আফ্রিদিও সুবিধা করতে পারেননি; ৪ বলে ৪ রান করে মিরাজের বলেই বিদায় নেন।
পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়ের মাঝে শেষদিকে কিছুটা লড়াই করেন ফাহিম আশরাফ। চাপের মধ্যেও দারুণ কিছু শটে দলকে একশ পার করান তিনি। তবে ফিফটির কাছাকাছি গিয়েও থামতে হয় তাকে। ৪৭ বলে ৩৭ রান করা ফাহিমকে ফেরান মোস্তাফিজুর রহমান।
শেষ পর্যন্ত মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। যা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে পাকিস্তানের সর্বনিম্ন। বাংলাদেশের হয়ে নাহিদ রানা নেন ৫ উইকেট। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ঝুলিতে যায় ৩টি। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান নেন একটি করে উইকেট।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। মাত্র তিন ওভারের মধ্যেই স্কোরবোর্ডে উঠে যায় ২৭ রান। তবে ১০ বলে ৪ রান করে সাইফ ফিরে গেলে ক্রিজে যোগ দেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এক প্রান্তে শান্ত ধীরে ধীরে ইনিংস গড়লেও অন্য প্রান্তে ঝড় তুলেন তানজিদ। পাকিস্তানি বোলারদের ওপর চড়াও হয়ে একের পর এক দৃষ্টিনন্দন শটে বাউন্ডারি হাঁকান তিনি। পরে খোলস ছেড়ে বেরিয়ে আসেন শান্তও। দুজনের জুটিতে দ্রুত এগোতে থাকে বাংলাদেশের ইনিংস।
দারুণ ছন্দে ব্যাট করে ফিফটি তুলে নেন তানজিদ হাসান তামিম। জয় যখন সময়ের অপেক্ষা, তখন ৩৩ বলে ২৭ রান করে আউট হন নাজমুল হোসেন শান্ত। এরপর লিটন দাসকে নিয়ে সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলেন তানজিদ। শেষ পর্যন্ত ৪২ বলে অপরাজিত ৬৭ রানের ঝলমলে ইনিংস খেলেন তানজিদ হাসান তামিম।
বাংলাদেশ ২০৯ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় জয় তুলে নেয়। এই দাপুটে জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ও ১৫ মার্চ। পাকিস্তানের বিপক্ষে কেবল একবার ওয়ানডে সিরিজ জিতেছিল টাইগাররা। এবার দ্বিতীয় সিরিজ জয়ের অপেক্ষা।
এমআই