আফিফ-লিটনকে দলে ফেরানোর ব্যাখ্যা দিল বিসিবি
খেলা ডেস্ক
০৫ মার্চ ২০২৬, ২২:২৫
পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘোষিত দলে জায়গা পেয়েছেন আফিফ হোসেন, আর ফর্ম নিয়ে প্রশ্ন থাকলেও রাখা হয়েছে লিটন কুমার দাসকে। এই দুই সিদ্ধান্তের পেছনের ব্যাখ্যা দিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
আগামী ৯ মার্চ বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। সেই সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে সবশেষ সিরিজ থেকে বাদ পড়েছেন তিন ক্রিকেটার। অন্যদিকে প্রায় ১৫ মাস পর আবারও জাতীয় দলে ফিরেছেন আফিফ হোসেন।
আফিফকে দলে ফেরানোর কারণ ব্যাখ্যা করে গাজী আশরাফ হোসেন লিপু বলেন, মিডল অর্ডারে কয়েকজন ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের কেউই নিজেদের জায়গা পোক্ত করার মতো পারফরম্যান্স করতে পারেননি। সেই বিবেচনায় আফিফকে আবার দলে নেওয়া হয়েছে।
প্রধান নির্বাচকের মতে, আফিফের অভিজ্ঞতা দলকে সহায়তা করতে পারে। পাশাপাশি তিনি জানান, আফিফ বর্তমানে ভালো ছন্দে রয়েছেন। একই সঙ্গে স্কোয়াডে রাখা হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনকেও। তার সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য এটি ভালো সুযোগ বলেও মনে করেন নির্বাচকরা।
অন্যদিকে লিটন দাসের সাম্প্রতিক ওয়ানডে ফর্ম নিয়ে আলোচনা থাকলেও তার ওপর আস্থা হারাচ্ছেন না নির্বাচকরা। লিপু বলেন, ‘লিটন দাসের সাম্প্রতিক ওয়ানডে ফর্ম নিয়ে প্রশ্ন থাকতে পারে, তবে সে কোচদের সঙ্গে ঘনিষ্ঠভাবে নিজের ব্যাটিং নিয়ে কাজ করছে। আমরা বিশ্বাস করি, খুব দ্রুতই সে এই ফরম্যাটে নিজের সেরাটা দিতে পারবে।’
এমআই