Advertisement
Us Bangla Airlines
বেতন না পেয়ে বসুন্ধরা কিংস ছাড়লেন কিউবা মিচেল

বেতন না পেয়ে বসুন্ধরা কিংস ছাড়লেন কিউবা মিচেল

খেলা ডেস্ক

০৩ জানুয়ারি ২০২৬, ১৩:৩০

নতুন বছরের শুরুতেই বাংলাদেশ ফুটবলে আরেকটি অস্বস্তিকর অধ্যায়। দীর্ঘদিন বেতন না পাওয়ার অভিযোগ তুলে বসুন্ধরা কিংস ছাড়ার ঘোষণা দিয়েছেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। চলতি মৌসুমে ইংল্যান্ডের সান্ডারল্যান্ড থেকে তাকে দলে ভিড়িয়ে বেশ আলোড়ন তুলেছিল দেশের শীর্ষ ক্লাবটি

কয়েক মাস না যেতেই বসুন্ধরা কিংসের সঙ্গে সম্পর্কের ইতি টানলেন সম্ভাবনাময় এই মিডফিল্ডার। শনিবার (৩ জানুয়ারি) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কিউবা জানান, আর্থিক অনিশ্চয়তাই তার এই কঠিন সিদ্ধান্তের মূল কারণ। 

বেতন না পেয়ে বসুন্ধরা কিংস ছাড়লেন কিউবা মিচেল

বিবৃতিতে তিনি লেখেন, ‘আজ আমি বসুন্ধরা কিংসের সঙ্গে আমার চুক্তি শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। দীর্ঘদিন ধরে আমার প্রাপ্য বেতন পরিশোধ করা হয়নি। এটাই এই সিদ্ধান্ত নেওয়ার প্রধান কারণ। যেসব সমস্যা বারবার সামনে এসেছে কিন্তু কোনো সমাধান হয়নি, সেই পরিস্থিতিতে খেলা চালিয়ে যাওয়া মানসিক ও শারীরিকভাবে অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল।’

চলতি মৌসুমে কিংসে যোগ দেওয়ার পর কিউবার মাঠে নামার সুযোগ ছিল সীমিত। হংকংয়ের বিপক্ষে ম্যাচে তিনি স্কোয়াডেই ছিলেন না। যদিও এরই মধ্যে জাতীয় দলে ডাক পেয়েছিলেন ভারতের বিপক্ষে ম্যাচের জন্য। কিংস ছাড়ার পর বাংলাদেশের জার্সিতে তার ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন।

কিউবার অভিষেক ম্যাচে জয় পেল না বাংলাদেশ

২০১৮ সালে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে যাত্রা শুরু করে বসুন্ধরা কিংস। শুরু থেকেই বড় নাম এনে আলোচনায় ছিল ক্লাবটি। রাশিয়া বিশ্বকাপ খেলা কোস্টারিকার ড্যানিয়েল কলিন্দ্রেসের মতো ফুটবলারও খেলেছেন কিংসের জার্সিতে। অতীতে চুক্তির বাইরেও খেলোয়াড় ও কোচিং স্টাফদের বোনাস দেওয়ার নজির ছিল তাদের।

তবে গত ৫ আগস্টের পর থেকে আর্থিক সংকটে পড়ে ক্লাবটি। এতে দেশি-বিদেশি অনেক ফুটবলার ও কোচ তাদের চুক্তিকৃত অর্থ পাননি। একাধিক বিদেশি ফুটবলার ও কোচ ফিফায় অভিযোগ জানালে কিংসের ওপর খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞাও আসে। আর্থিক জটিলতার কারণেই এর আগে জাতীয় দলের ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী ক্লাব ছেড়েছিলেন।

এমআই