Advertisement
Us Bangla Airlines
পাকিস্তানের বিপক্ষে জিতলেই বড় সুখবর পাবে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে জিতলেই বড় সুখবর পাবে বাংলাদেশ

খেলা ডেস্ক

১৩ মার্চ ২০২৬, ১৫:৩১

মিরপুরে আজ পাকিস্তানের বিপক্ষে জয় মানেই বাংলাদেশের জন্য দ্বিগুণ আনন্দের উপলক্ষ। সিরিজ নিশ্চিত করার পাশাপাশি আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে মেহেদী হাসান মিরাজের দলের সামনে। বর্তমানে ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ১০ নম্বরে রয়েছে বাংলাদেশ।

আজকের ম্যাচে জিততে পারলে উইন্ডিজকে টপকে ৯ নম্বরে উঠে আসবে মিরাজরা। এমনকি ম্যাচটি হারলেও সেই সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে না। সিরিজ যদি ২–১ ব্যবধানে জিতে বাংলাদেশ, তাহলে তাদের রেটিং দাঁড়াবে ৭৯। আর পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে পারলে এক ধাপ বৃদ্ধির সঙ্গে রেটিং পয়েন্ট বেড়ে হবে ৮১।

তবে এত হিসাব কষে বসে থাকার ইচ্ছা নেই বাংলাদেশের। বরং আজকের ম্যাচেই পাকিস্তানকে হারিয়ে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যেই মাঠে নামতে চাইছে মিরাজের দল। সাম্প্রতিক অতীতও বাংলাদেশকে দিচ্ছে আত্মবিশ্বাস। গত বছর ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ।

মিরপুরের উইকেট নিয়েও প্রথম ম্যাচে ভুল হিসাব করেছিল পাকিস্তান। সাবেক পেসার মোহাম্মদ আমিরের মতে, উইকেটে আলগা ঘাস দেখে শাহিন শাহ আফ্রিদিরা এটিকে বাউন্সি পিচ ভেবেছিলেন। কিন্তু বাস্তবে মিরপুরের উইকেট এখন এমন, যেখানে ২৫০ থেকে ২৭০ রানই হতে পারে ম্যাচ জয়ের মতো স্কোর।

বাংলাদেশের ক্রিকেটারদের কাছে বিষয়টি অজানা নয়। সিরিজ শুরুর আগে মিরপুরে হওয়া একটি অনুশীলন ম্যাচেই প্রায় ৩০০ রান উঠেছিল। তবে আজ পাকিস্তান শুরুতে ব্যাট করতে নেমে ঘুরে দাঁড়িয়েছে, মাত্র ১২ ওভারেই শতরান পূর্ণ করেছে সফরকারীরা। ফলে শান্ত-মিরাজদের বড় রান করার প্রস্তুতি নিয়েই মাঠে নামতে হবে।

এমআই