ক্রিকেটারদের সাড়ে চার লাখ টাকার ঈদ উপহার পাঠাবে বিসিবি
খেলা ডেস্ক
০৯ মার্চ ২০২৬, ২২:০৬
রোজার ঈদকে সামনে রেখে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য বিশেষ উপহারের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত বছর শুরু হওয়া এই উদ্যোগ এবারও থাকছে। ঈদের আগেই এই আয়োজন এনে দিয়েছে উৎসবের আমেজ। শুধু ক্রিকেটাররাই নন, উপহার পাবেন তাঁদের স্ত্রীরাও।
বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের উদ্যোগে এবার উপহার পাঠানো হবে গত এক বছরে কোনো না কোনো ধরনের ক্রিকেটে জাতীয় দলে খেলেছেন এমন প্রায় ৩০ ক্রিকেটারকে। একই সঙ্গে তাঁদের সহধর্মিণীরাও থাকবেন এই তালিকায়। এতে বোর্ডের ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে চার লাখ টাকা।
ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস এই উদ্যোগকে ইতিবাচক বলেই মনে করছেন। তাঁর ভাষায়, জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের সম্পর্ক সব সময়ই ভালো ছিল। তবে সৌজন্য হিসেবে এমন উদ্যোগ সেই সম্পর্ককে আরও উষ্ণ করে তোলে এবং বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের যোগাযোগও আরও সহজ হয়।
এ ছাড়া গত এক বছরে জাতীয় দলের সঙ্গে যুক্ত থাকা প্রশিক্ষক দল, দল ব্যবস্থাপনা সদস্য এবং সহকারী কর্মী মিলিয়ে আরও প্রায় ২০ জনও পাচ্ছেন একই উপহার।
গত বছর এই আয়োজনের শুরুতে শুধু ক্রিকেটারদের স্ত্রীরাই উপহার পেয়েছিলেন। তাঁদের জন্য পাঠানো হয়েছিল সালোয়ার-কামিজ, ক্রিকেটারদের জন্য কিছু ছিল না। তবে এবার ক্রিকেটার ছাড়াও গত এক বছরে জাতীয় দলের সঙ্গে যুক্ত থাকা প্রশিক্ষক দল, দল ব্যবস্থাপনা সদস্য এবং সহকারী কর্মী মিলিয়ে আরও প্রায় ২০ জনও পাচ্ছেন একই উপহার।
এই ঈদে ক্রিকেটারদের জন্য রাখা হয়েছে পাকিস্তানের জনপ্রিয় পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান জুনায়েদ জামশেদের পাজামা-পাঞ্জাবির সেট। তাঁদের স্ত্রীর জন্যও থাকবে একই প্রতিষ্ঠানের সালোয়ার-কামিজ। বাংলাদেশ দলের দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ এই প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত।
এমআই