Advertisement
Us Bangla Airlines
৮৯ মাস পর গল্পটা বদলাতে পারবে তো বাংলাদেশ?

৮৯ মাস পর গল্পটা বদলাতে পারবে তো বাংলাদেশ?

খেলা ডেস্ক

০৬ মার্চ ২০২৬, ২২:৪৬

নতুন বছর শুরু হয়ে পেরিয়েছে দুই মাস। এতদিনে একটিও আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের। জানুয়ারিতে বিপিএল শেষ করার পর ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার কথা ছিল টাইগারদের। কিন্তু নিরাপত্তা জটিলতায় শেষ পর্যন্ত বিশ্বমঞ্চে পা রাখেনি লিটনরা। তাতে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়াই বছরের প্রথম দুই মাস পার করেছে লাল-সবুজের দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই বাংলাদেশের ব্যস্ত সূচি শুরু হতে যাচ্ছে। বছরের বাকি দশ মাসেই আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকবে বাংলাদেশ দল। ব্যস্ত বর্ষের শুরুটা হচ্ছে পাকিস্তানকে দিয়ে। চলতি মার্চ মাসেই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে মেহেদী মিরাজের দল। ইতোমধ্যে এই সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিবি।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি প্রকাশ

আগামী ১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে। কুড়ি ওভারের ক্রিকেটের চাপে বাংলাদেশ ৫০ ওভারের ক্রিকেটে খেই হারিয়েই ফেলেছে। নিয়মিত না খেলায় এই ফরম্যাটে বাংলাদেশের সাফল্যের পরিসংখ্যানে ভাটা পড়েছে। এককালে ঘরের মাটিতে প্রতিপক্ষের নাভিশ্বাস তোলা বাংলাদেশ এখন হারহামেশাই পরাজয় বরণ করে।

ওয়ানডে ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সাফল্যের হারটা বেশ নাজুক। ওয়ানডে ইতিহাসে এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ৩৯টি ম্যাচ খেলেছে টাইগাররা। এর মধ্যে জয় কেবল পাঁচটি, বাকি ৩৪ ম্যাচেই হেরেছে বাংলাদেশ। সবশেষ জয়টা এসেছিল ২০১৮ সালের সেপ্টেম্বরে। সময়ের হিসাবে যা ৮৯ মাস বা সাড়ে সাত বছর আগের ঘটনা।

এশিয়া কাপে মুশফিকের বীরত্বের সেই ম্যাচের পর বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে আরও তিন বার মুখোমুখি হয়েছিল। বড় মঞ্চের সেই তিন ম্যাচে হেরেছিল টাইগাররা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সবশেষ দেখায় ভারতের মাটিতে সবশেষ ৭ উইকেটের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ দল। এবার প্রায় তিন বছর পর পুনরায় পাকিস্তানের বিপক্ষে নামছে বাংলাদেশ।

মিরপুর স্টেডিয়ামেই তিন ম্যাচের সিরিজটি খেলবে টাইগাররা। এই সিরিজে কোনো ম্যাচ জিতলে প্রায় ৮৯ মাস পর পাকিস্তানের বিপক্ষে জয় পাবে বাংলাদেশ। সিরিজ জিতলে সেটার ব্যবধান বাড়বে আরও। পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালে মাত্র একবার ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। ফলে এবার সিরিজ জিতলে সেটাও হবে ১০ বছরের ব্যবধান।

সবমিলিয়ে পাকিস্তানের বিপক্ষে কঠিন পরীক্ষায় অবতীর্ন হতে যাচ্ছে বাংলাদেশ। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে এই সিরিজে জয়ের বিকল্প নেই। এবার দেখার পালা, শান্ত-মিরাজরা পাকিস্তানের বিপক্ষে কেমন লড়াই করে।

এমআই