Advertisement
Us Bangla Airlines
দশ মাসে ৪৮ ম্যাচ খেলবে বাংলাদেশ

দশ মাসে ৪৮ ম্যাচ খেলবে বাংলাদেশ

খেলা ডেস্ক

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:০৩

নিরাপত্তা জটিলতায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। তবে বিশ্বকাপ শেষ হতেই দ্বিপাক্ষিক সিরিজের ব্যস্ততা শুরু হবে টাইগারদের। মার্চে পাকিস্তান সিরিজ দিয়ে শুরু হবে লিটনদের ব্যস্ত সূচি। বছর জুড়ে অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকার মতো বড় দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সবমিলিয়ে আগামী দশ মাসে ম্যাচ সংখ্যা ৪৮টি।

বিসিবি সূত্রে জানা গেছে, বছরের বাকি দশ মাসে দম ফেলার ফুসরত নেই শান্ত-লিটনদের। প্রতিটি মাসেই কোনো না কোনো আন্তর্জাতিক সিরিজে ব্যস্ত থাকবে টাইগাররা। মার্চে বাংলাদেশে খেলতে আসছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। দুই টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে টাইগারদের ব্যস্ত বর্ষ।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি প্রকাশ

এপ্রিল মাসে বাংলাদেশে সফর করবে নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে রয়েছে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি। জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। এই সফরেও রয়েছে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে এই দুই সিরিজে বাংলাদেশকে কঠিন পরীক্ষা দিতে হবে।

জুলাইয়ে বন্ধুপ্রতিম দেশ জিম্বাবুয়েতে সফর করবে বাংলাদেশ। রোডেশিয়ানদের বিপক্ষে দুই টেস্ট ও পাঁচটি ওয়ানডে ম্যাচে লড়াই করবে লাল-সবুজের দল। জুলাই থেকে আগস্ট পর্যন্ত আয়ারল্যান্ড সফরে থাকবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সিরিজে আছে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি।

আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। ২০০৩ সালের পর এবারই প্রথম অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাবে টাইগাররা। ইতোমধ্যে দুই টেস্টের সূচিও নির্ধারণ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। উভয় টেস্টের ভেন্যু হিসেবে যথাক্রমে থাকছে ম্যাকাই ও ডারউইন। সবশেষ টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে এখানে খেলেছিল বাংলাদেশ ‘এ’ দল।

ওয়ানডে বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় বাংলাদেশ

সেপ্টেম্বরে বাংলাদেশে খেলতে আসবে ভারত জাতীয় ক্রিকেট দল। এই সিরিজে রয়েছে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। এই সিরিজটি অবশ্য গেল বছরের। নিরাপত্তার অজুহাতে গেল বছর বাংলাদেশে খেলতে আসেনি ভারত। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে যা ঘটে গেল, তাতে চলতি বছরে ভারতের আগমন নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।

অক্টোবরে বাংলাদেশে সফর করবে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।  পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নভেম্বর ও ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফর করবে বাংলাদেশ। সেখানে থাকবে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচ।

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে বছরের বাকি দশ মাস ব্যস্ততায় ডুববে টাইগাররা। এই দশ মাসে মোট ৪৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর অবশ্য অবকাশ যাপনের সুযোগ পাবেন না লিটন-শান্তরা। সব ঠিক থাকলে ডিসেম্বরের শেষদিকে বসবে বিপিএলের ত্রয়োদশ আসর।

একনজরে ৪৮ ম্যাচের সূচি

মাস প্রতিপক্ষ ভেন্যু ফরম্যাট
মার্চ পাকিস্তান বাংলাদেশ ২ টেস্ট, ৩ ওয়ানডে
এপ্রিল নিউজিল্যান্ড বাংলাদেশ ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
জুন অস্ট্রেলিয়া বাংলাদেশ ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
জুলাই জিম্বাবুয়ে জিম্বাবুয়ে ২ টেস্ট, ৫ ওয়ানডে
জুলাই–আগস্ট আয়ারল্যান্ড আয়ারল্যান্ড ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
আগস্ট অস্ট্রেলিয়া ম্যাকাই, ডারউইন ২ টেস্ট
সেপ্টেম্বর ভারত বাংলাদেশ ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি
অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ ২ টেস্ট
নভেম্বর–ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি

এমআই