Advertisement
Us Bangla Airlines
ইউরোপের লিগে ডাক পেলেন সাকিব আল হাসান

ইউরোপের লিগে ডাক পেলেন সাকিব আল হাসান

খেলা ডেস্ক

২৮ মার্চ ২০২৬, ১৭:২৮

আন্তর্জাতিক ক্রিকেটে আপাতত বিরতিতে থাকলেও থেমে নেই সাকিব আল হাসান। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের উপস্থিতি জানিয়ে যাচ্ছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। এবার তার গন্তব্য ইউরোপের দেশ সুইডেনে। দেশটিতে প্রথমবারের মতো শুরু হওয়া নতুন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলবেন তিনি।

নর্ডিক স্ম্যাশ টি-টোয়েন্টি নামক এই টুর্নামেন্টে উপসালা টাইগার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকছেন মুনাফ প্যাটেল। তার অভিজ্ঞতা ও উপস্থিতি নতুন এই আসরে বাড়াবে ভিন্ন মাত্রা।

সাকিবকে দলে পেয়ে দারুণ উচ্ছ্বসিত উপসালা শিবির। এক ফেসবুক পোস্টে তারা জানায়, ড্রাফটের আগেই সবচেয়ে প্রতীক্ষিত সাইনিং হিসেবে সাকিবকে দলে ভেড়ানো তাদের জন্য বড় অর্জন। পোস্টে সাকিবের স্বাচ্ছন্দ্য ভঙ্গির একটি ছবিও শেয়ার করা হয়েছে, যা ইতোমধ্যেই ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

আগামী গ্রীষ্মেই মাঠে গড়াবে এই নতুন টুর্নামেন্ট। সূচি অনুযায়ী, ১৫ জুন শুরু হয়ে ২০ জুন ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে আসরটি। সংক্ষিপ্ত হলেও প্রতিযোগিতাপূর্ণ এই লিগ ঘিরে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।

শুধু সাকিবই নন, টুর্নামেন্টে থাকছেন আন্তর্জাতিক ক্রিকেটের আরও পরিচিত মুখ। অংশ নিচ্ছেন শ্যানন গ্যাব্রিয়েল, খ্যারি পিয়েরে, টম ব্রুস এবং শেলডন কটরেলদের মতো তারকারা। ছয়টি দল নিয়ে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে সাকিবের অংশগ্রহণ নিঃসন্দেহে বাড়তি আকর্ষণ যোগ করবে।

এমআই