Advertisement
Us Bangla Airlines
১২ ছক্কা হাঁকিয়ে নতুন রেকর্ড গড়লেন তামিম

১২ ছক্কা হাঁকিয়ে নতুন রেকর্ড গড়লেন তামিম

খেলা ডেস্ক

১৮ মার্চ ২০২৬, ১২:২৬

ছক্কা মারার সহজাত প্রতিভা নিয়েই যেন বড় হয়ে ওঠেছেন তানজিদ হাসান তামিম। বাঁহাতি এই ক্রিকেটারের ব্যাট-বলের মেলবন্ধন দেখলে মনে হয়, ছক্কা হাঁকানো বেশ সহজ। তামিমের ছক্কা মারার এমন সামর্থ্য দেখে বেশ মুগ্ধ সাবেক ক্রিকেটাররাও। পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে সাত ছক্কা হাঁকিয়ে নতুন রেকর্ডে নাম লিখিয়েছেন তানজিদ তামিম।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ব্যাট হাতে আগুন ঝরিয়েছেন টাইগার ওপেনার। স্বল্প লক্ষ্যের প্রথম ম্যাচে পাঁচ ছক্কা হাঁকিয়েছেন। দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হলেও তৃতীয় ম্যাচে ঝলক দেখিয়েছেন তামিম। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দিনে মেরেছেন সাত ছক্কা। সবমিলিয়ে তিন ম্যাচে ১২ ছক্কা হাঁকিয়ে এক সিরিজে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড গড়লেন তিনি।

এর আগে বাংলাদেশের হয়ে নির্দিষ্ট কোনো ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ছক্কার রেকর্ড ছিল মাহমুদুল্লাহ রিয়াদের দখলে। ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি হাঁকিয়েছিলেন ১১টি ছক্কা। সেই রেকর্ড ভেঙে এখন শীর্ষে উঠে এলেন তানজিদ, ভেঙেছেন দুই বছরের পুরোনো রেকর্ড।

এই তালিকায় আরও আছেন লিটন দাস এবং তামিম ইকবাল। ২০২০ সালে জিম্বাবুয়ে সিরিজে লিটন মেরেছিলেন ১০টি ছক্কা। একই সিরিজের তামিমের ছক্কার সংখ্যা ছিল ৯টি। যদিও ২০১০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৯টি ছক্কা হাঁকিয়েছিলেন তামিম ইকবাল।

তানজিদের এই ইনিংস শুধু রেকর্ড বইতেই জায়গা করে নেয়নি, বরং নতুন প্রজন্মের আগ্রাসী বাংলাদেশের প্রতিচ্ছবিও তুলে ধরেছে। তরুণ এই ওপেনারের ব্যাটে যে সম্ভাবনার ঝলক দেখা গেল, তাতে ভবিষ্যতের বড় মঞ্চে আরও বিস্ফোরক কিছু দেখার অপেক্ষায় ক্রিকেটভক্তরা।

এমআই