Advertisement
Us Bangla Airlines
লড়াই করে চীনের বিপক্ষে হারল বাংলাদেশ

লড়াই করে চীনের বিপক্ষে হারল বাংলাদেশ

খেলা ডেস্ক

০৪ এপ্রিল ২০২৬, ১৭:৪৪

একদিন আগেই শিরোপার উচ্ছ্বাস, আর পরদিনই কঠিন পরীক্ষার মঞ্চ। বাংলাদেশের ফুটবলে ব্যস্ত সূচির মাঝেই থাইল্যান্ডে এশিয়ান কাপের ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াই করে হার মেনেছে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ নারী দল। তাতে বাংলাদেশের জন্য কোয়ার্টার ফাইনালে খেলার সমীকরণ আরও কঠিন হয়ে দাঁড়াল।

ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলেছে বাংলাদেশ। প্রথমার্ধে প্রতিপক্ষকে কোনো গোল করতে দেয়নি তারা। রক্ষণে ছিল শৃঙ্খলা, গোলবারে ছিল দৃঢ়তা। তবে দ্বিতীয়ার্ধে সেই প্রতিরোধ ভেঙে পড়ে। দুই গোল হজম করে ২-০ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয়।

বিরতির পরপরই ম্যাচের মোড় ঘুরে যায়। ডান প্রান্ত থেকে আক্রমণে বাংলাদেশের ডিফেন্স ভেদ করে বল পেয়ে সহজেই জালে জড়ান চীনের মিডফিল্ডার ইউও। এরপর ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে চীন। ম্যাচের ৮২ মিনিটে দূরপাল্লার ফ্রি-কিক থেকে ওয়াংয়ের জোরালো শট গোলরক্ষকের হাতে লেগেও জালে ঢুকে গেলে ব্যবধান দাঁড়ায় ২-০।

তবে স্কোরলাইন যতটা সহজ দেখায়, ম্যাচটা ততটা ছিল না। পুরো ম্যাচজুড়ে দারুণ লড়াই করেছে বাংলাদেশ। গোলরক্ষক মিলি আক্তার ছিলেন অনবদ্য। একাধিক ১-অন-১ সেভ, কর্নার ও ফ্রি-কিক থেকে চমৎকার প্রতিরোধ গড়ে তুলেছিলেন তিনি। তার দৃঢ়তায় প্রথমার্ধে গোলশূন্যই থাকে ম্যাচ।

নিয়মিত গোলরক্ষক রুপ্না চাকমার পরিবর্তে একাদশে সুযোগ পেয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন মিলি। কোচ পিটার বাটলারের এই সিদ্ধান্তও তাই প্রশংসা কুড়িয়েছে।

তবে আক্রমণে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ। ফরোয়ার্ড সাগরিকা একা সামনের সারিতে লড়াই চালিয়ে গেলেও মাঝমাঠে বলের দখল ছিল চীনের। কাউন্টার অ্যাটাকে কয়েকবার চেষ্টা করলেও প্রতিপক্ষের গোলবারে তেমন চাপ সৃষ্টি করা যায়নি।

মাসখানেক আগে সিনিয়র নারী দলের সঙ্গে এই ম্যাচের এক অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায়। সেখানেও একই ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে দুই ম্যাচেই বড় পার্থক্য গড়ে দিয়েছে লড়াইয়ের মানসিকতা। প্রতিপক্ষ শক্তিশালী হলেও মাথা নত করেনি লাল-সবুজের প্রতিনিধিরা।

দুই ম্যাচে এখনো পয়েন্ট না পেলেও কোয়ার্টার ফাইনালের স্বপ্ন পুরোপুরি শেষ হয়নি। ৭ এপ্রিল ভিয়েতনামের বিপক্ষে ম্যাচে জয় বা ড্র পেলেই গ্রুপের তৃতীয় হওয়ার সম্ভাবনা থাকবে। এরপর অন্য গ্রুপের ফলাফলের ওপর নির্ভর করবে শেষ আটের টিকিট।

এমআই